দেশব্যাপী ধর্ষণ, ডাকাতি, ছিনতাই ও খুনের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিরুদ্ধে রাজধানী ঢাকায় মানববন্ধন, বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজে, ব্র্যাকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গতকাল রবিবার এ কর্মসূচি পালন করেছেন।
রাজধানীর আসাদগেট ও জিগাতলা এলাকায় বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আসাদগেট এলাকায় সড়ক আটকে মিছিল করেন আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী। এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের এমন আন্দোলনে নগর জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এক স্থান থেকে অন্য স্থানে যেতে ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষের।
আসাদগেটের বিক্ষোভের বিষয়ে শেরেবাংলা নগর থানার ওসি মোহাম্মদ গোলাম আজম বলেন, সকাল সাড়ে ১০টার দিকে আশপাশের প্রতিষ্ঠানের ১০-১৫ জন শিক্ষার্থী রাস্তা বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। তবে কিছুক্ষণের মধ্যে তারা আটকে রাখা গাড়ি ছেড়ে সড়কের মাঝখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। দুপুর ২টার দিকে তারা সড়ক থেকে চলে যান।
এর আগে বেলা ১১টার দিকে নিউ মার্কেট-মিরপুর সড়কের আসাদগেট এলাকায় অবরোধ করেন শিক্ষার্থীরা। অবরোধে বাংলাদেশ ইউনিভার্সিটি, মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থী ও এলাকার জনতা অংশ নেন। প্রথম দিকে আসাদগেটের পুরো সড়ক অবরোধ করা হয়। পরে তালুকদার ফিলিং স্টেশনের সামনের একপাশে অবস্থান নেন তারা। এ সময় তারা ধর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তার ও প্রকাশ্যে বিচার দাবি করেন।
সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ এবং নারী-শিশুসহ সব মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। কলেজের বকুলতলায় এ সমাবেশ করেন তারা। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন সেøাগান দিতে দেখা গেছে।
