বাবর-রিজওয়ানরা আজ বাংলাদেশের সমর্থক

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩০ এএম

ভারতের কাছে হারের পর পাকিস্তানের বিদায় বলতে গেলে নিশ্চিত হয়ে গেছে। তাদের সেমিফাইনাল খেলা স্রেফ অংকের হিসাবে টিকে আছে। সেই হিসাব মেলাতে গেলে অনেককিছুই পাকিস্তানের পক্ষে যেতে হবে। যেমন আজ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়। শেষ আশা নিয়ে এই ম্যাচের দিকেই তাকিয়ে আছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।

নিউজিল্যান্ডের কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা পাকিস্তান গতকাল ভারতের কাছে হেরে গেছে ৬ উইকেটে। ম্যাচ শেষে রিজওয়ান বলেছেন, ‘এই মুহূর্তে তো এটিই বলতে পারেন যে, খতম হয়ে গেছে (সেমিতে খেলার সম্ভাবনা)। এটাই সত্যি। এখন সামনের ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশ কী করে সেটাই দেখার। এরপর ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ম্যাচে কী হয়, আমরা কী করতে পারি… সব মিলিয়ে লম্বা ভ্রমণ।’

তবে অন্য দলের ওপর নির্ভর করাটা ভালো লাগছে না রিজওয়ানের। তাই নিজেদের ব্যর্থতা মেনে নিয়েছেন, ‘এখন ভরসা আল্লাহর ওপর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের ভাগ্য নির্ভর করছে অন্য দলের ওপর। অধিনায়ক হিসেবে সত্যি বলতে, এটা আমার পছন্দ নয়। যদি নিজেদের সামর্থ্য থাকে, নিজের পথে যদি জেতা যায়, তাহলে করে দেখানো উচিত। নইলে অন্য কারও আশ্রয়ে তাকিয়ে থাকা… আমার কাছে এসবের কোনো মূল্য নেই।’

এরপরই পাকিস্তান অধিনায়কের কণ্ঠে শোনা যায় একরাশ হতাশার সুর, ‘হ্যাঁ, তারা আমাদেরকে হারিয়েছে। নিউজিল্যান্ড হারিয়েছে, ভারত হারিয়েছে। মেনে নিচ্ছি সব। ওরা ভালো খেলেছ, আমরা বাজে খেলেছি। এখন অন্য কারও ওপর ভরসা করে থাকতে পারি না। আল্লাহ যদি সুযোগ করে দেয় আবার, তখন দেখব। আমাদের কিছু বলার নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত