হিমাগার ভাড়া বৃদ্ধি 

মহাসড়কে আলু ফেলে চাষি ও ব্যবসায়ীদের প্রতিবাদ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৩ পিএম

হিমাগারে সংরক্ষণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় মহাসড়কে আলু ফেলে দিয়ে মানববন্ধন করেছে স্থানীয় কৃষক ও আলু চাষিরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১২টা থেকে প্রায় ১ ঘণ্টা পর্যন্ত শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের জামাদারপুকুর স্ট্যান্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কৃষকরা জানান, গত মৌসুমে হিমাগারে আলু সংরক্ষণের জন্য কেজি প্রতি ৫ টাকা ভাড়া নির্ধারিত ছিল। তবে চলতি মৌসুমে হিমাগার মালিকরা একতরফাভাবে ৩ টাকা বাড়িয়ে কেজি প্রতি ৮ টাকা নির্ধারণ করেছেন। এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কৃষকরা মানববন্ধন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

কর্মসূচি পালন কালে কৃষকেরা বগুড়া-নাটোর মহাসড়কে আলু ফেলে দিয়ে অবরোধ করেন। কয়েক জন কৃষক মহাসড়কে শুয়ে পড়েন।

খবর পেয়ে থানার ওসি ওয়াদুদ আলম ও তদন্ত কর্মকর্তা মাসুদ করিম ঘটনাস্থলে পৌঁছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পরে বেলা ১টার দিকে সড়ক অবরোধ তুলে নেন কৃষকরা।

জামাদারপুকুর এলাকায় আলুচাষি আব্দুল হালিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির নেতা এনামুল হক স্বপন, সাবেক ইউপি সদস্য তোতা মিয়া, জামায়াত নেতা শাজাহান আলী, আতাইল এলাকার আলুচাষি রুহুল আমিন, বাদশা মিয়া, কৃষক মিজানুর রহমান,ফজলুল হক, আলমগীর হোসেন, সোলাইমান আলী, আলু ব্যবসায়ী জহুরুল মেম্বার, শফিকুল, আইয়ুব, জিল্লাত আলী, হাবিবুর রহমান প্রমুখ।

স্থানীয় আলুচাষি আজিজুল বলেন, বীজ আলুর দাম বেশি, সার কীটনাশকের দামসহ শ্রমিকের মজুরি বৃদ্ধির কারণে আলু উৎপাদনে খরচ বেড়েছে। তার ওপর ইজারাদারের অতিরিক্ত খাজনা ও হিমাগারের ভাড়া বৃদ্ধি করায় কৃষকদের জন্য আলু সংরক্ষণ করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে।

জেলা আলু ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক শাজাহান আলী বলেন, কোল্ডস্টোরের মালিকেরা নিজের ইচ্ছেমতো ভাড়া বৃদ্ধি ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে লিখিত আবেদন করেছি।

যদি অবিলম্বে ভাড়া বৃদ্ধির ঘোষণা প্রত্যাহার করা না হয়, তাহলে আরও বৃহৎ কর্মসূচি গ্রহণ করা হবে বলে ঘোষণা দেন প্রান্তিক চাষি ও ক্ষুদ্র আলু ব্যবসায়ীরা। পরে বিক্ষোভকারীরা শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত