ই-বুক অডিও বুকের জনপ্রিয়তা বেড়েছে

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫১ এএম

অনলাইনের এই যুগে প্রতিনিয়ত জনপ্রিয়তা হারাচ্ছে কাগুজে বই। অন্যদিকে জনপ্রিয়তা ক্রমাগত বাড়ছে ই-বুক ও অডিও বুকের। এখন, স্মার্ট ফোন, ট্যাব কিংবা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছে কাগজের সেসব বই। অডিও বুক, যে বই পড়তে হবে না, শুনেই শেষ করা যাবে শত শত পৃষ্ঠা। বাংলা ভাষা ও সাহিত্যের অসংখ্য বই এখন হেডফোন কানে গুজে শোনা যাবে। অমর একুশে বইমেলায় এবার এমনই অডিও বুক ও ই-বুক স্টলের সংখ্যা চারটি। মেলায় দর্শনার্থীরা এখন কাগুজে বইয়ের পাশাপাশি অ্যাপস ভিত্তিক ডিজিটাল বই পড়ার স্বাদ নেওয়ারও সুযোগ পাচ্ছেন।

গতকাল সোমবার বইমেলার ২৪তম দিনে এমন চিত্রই দেখা গেছে। সোমবার পর্যন্ত ২৪ দিনে বইমেলায় সর্বমোট ২ হাজার ৬১৬টি নতুন বই প্রকাশিত হয়েছে, যার মধ্যে গতকাল রবিবার সংযুক্ত হয়েছে ৯৮টি বই।

বইমেলায় দেখা যায়, অডিও বুক ও ই-বুক স্টলগুলোর আশপাশে দর্শনার্থীরা বেশ ভিড় করছেন। কিছুক্ষণের জন্য স্টলে বসছেন এবং অডিও বুক ও ই-বুক এর স্বাদ নিচ্ছেন। তবে প্রতিবছর বইমেলায় এমন অনলাইন বই প্রকাশকারী প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। তবে স্টল কমলেও এর ব্যবহারকারী গ্রাহকের সংখ্যা বেড়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ২০২৪ সালের বইমেলাতে এই সংখ্যা ছিল পাঁচটি। তার আগে ২০২৩ সালে আরও বেশি স্টল ছিল। তবে এবার মেলায় অংশ নেয়নি ‘শুনো বই’ এবং ‘সেই বই’ নামে প্রতিষ্ঠান দুটি। এ ছাড়া ই-বুক নিয়ে কাজ করা ‘চড়ুইডটকম’ নতুনত্ব আনতে এবারের মেলায় ই-বুক নিয়ে আসতে পারেনি। এসব প্রতিষ্ঠান বাদেই এবারের মেলায় অংশ নিয়েছে চারটি প্রতিষ্ঠান।

এমনই একটি অডিও বুক প্রতিষ্ঠানের নাম ‘কাহিনীক’। প্রতিষ্ঠানটিতে গত বছরের তুলনায় বইয়ের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি অডিও বুকে বেড়েছে ব্যবহারকারীর সংখ্যা। মাসিক, অর্ধ-বার্ষিক ও বার্ষিক তিন প্যাকেজে সাবস্ক্রিপশন রয়েছে কাহিনীক অডিও বুকের। নির্ধারিত পেমেন্ট সম্পন্ন করার পর বই শোনার স্বাদ পাবেন বইপ্রেমীরা।

প্রতিষ্ঠানটির কর্মকর্তা রহিসুল তমাল বলেন, গত বছরের বইমেলাতে আমাদের ৪০টি বই ছিল। এ বছর ৩০০টি পূর্ণাঙ্গ বইয়ের অডিও বুকের স্টোর করা হয়েছে। আমরা সাহিত্য নিয়ে কাজ করছি, এখনো অনেকে জানেই না, অডিও বুক নামে একটি বিষয় রয়েছে। আমরা এখনো মার্কেটিংয়ে নামিনি। আমরা চাই, সবার কাছে অডিও বুকের বিষয়টি পৌঁছাক।

তিনি বলেন, গত বছরের তুলনায় আমাদের ‘কাহিনীকে’ ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। চলতি বছর ১৫ হাজার, গত বছর সেটি ছিল মাত্র ৮ হাজার। প্রতিদিন বাংলাদেশসহ বিভিন্ন প্রান্তের বাংলাভাষী মানুষ নিয়মিত কাহিনীকের সঙ্গে সময় পার করছেন।

অন্যদিকে কাহিনীক স্টলের পাশেই রয়েছে রকমারি ই-বুকের স্টল। কাহিনীক থেকে রকমারি ই-বুক বইপ্রেমীদের কাছে তুলে দিচ্ছে অনলাইনে পড়ার বই। মুঠোফোন, ট্যাব কিংবা ল্যাপটপেই পাবেন বই পড়ার স্বাদ। রকমারি ই-বুকের বিক্রয়কর্মী সোহাগ প্রামাণিক বলেন, আমরা বেশ কয়েক বছর ধরেই বইমেলায় স্টল দিচ্ছি। আমাদের বইগুলো অনলাইন থেকে কিনে পড়তে হয়। এখানে সাবস্ক্রিপশন সিস্টেম চালু নেই। তবে এখন অনেক বই ফ্রি ডাউনলোড করে পড়া যাবে।

রকমারির মতো মেলায় অনুরূপ প্রতিষ্ঠান ‘বইটই’। রকমারির মতো তাদেরও নির্ধারিত কোনো সাবস্ক্রিপশন প্যাকেজ নেই। পাঠক সর্বনিম্ন ১০ টাকা থেকে শুরু করে যে কোনো মূল্যের বই কিনতে, পড়তে পারবে। তারা অনলাইনে ৩৫০টি বই বিনামূল্যে রেখেছেন। প্রতিদিন শতাধিক ব্যবহারকারী বইটইয়ে সময় ব্যয় করেন বলে জানান প্রতিষ্ঠানটিতে নিয়োজিত কর্মীরা।

বইটই-এর এক বিক্রয়কর্মী বলেন, আমাদের মূলত ই-বুক এর পাশাপাশি অডিও বুক রয়েছে, যদিও সেই সংখ্যা মাত্র ৪০টি। তবে ই-বুকের সংখ্যা ১২ হাজার। আমাদের কোনো সাবস্ক্রিপশন মডিউল না থাকাতে এখন প্রতি বই কিনে পড়তে হয়। যদিও সেটা আয়ত্তের মধ্যেই রয়েছে। বর্তমানে আমাদের ৩০ লাখ ব্যবহারকারী রয়েছে।

অডিও বুক ও বই সম্পর্কিত অডিও কনটেন্ট মিলে ৩ হাজারের অধিক বই রয়েছে কাব্যিক নামে আরেকটি অডিওবুকের প্রকাশনার। অন্য প্রতিষ্ঠানগুলোর তুলনায় তাদের ব্যবহারকারীর সংখ্যা সবার ওপরে। কাব্যিকের প্রায় ৭০ হাজারের অধিক ব্যবহারকারী রয়েছে। কাব্যিকের সঙ্গে জড়িত রুবাইয়াত ইসলাম রাহাত বলেন, আমাদের বর্তমানে ১৫ হাজারের মতো সক্রিয় পাঠক রয়েছে। পৃথিবীর বিভিন্ন জায়গাতে আমাদের বই শুনতে পারবে। মধ্যপ্রাচ্য ও ভারতে আমাদের পাঠক বেশি রয়েছে।

অডিও বুক শুনতে আসা শামসুল ইসলাম বলেন, জীবনে নতুন কিছু শুনলাম। শুয়ে-বসে শেষ করে ফেলা যাবে বড় বড় বই। কত চমৎকার উদ্যোগ! কাউকে আর এখন বই বহন করে ঘুরতে হবে না।

আরেক পাঠক ইমরান বলেন, আমি আগেও ই-বুকে অনেক বই পড়ে শেষ করেছি। এবারই প্রথম বইমেলায় ই-বুক স্টল দেখতে আসলাম। ভালো লাগছে দেখে। এখানে শেষ করে অডিও বুক স্টলেও ঘুরে আসব। দিনদিন সবকিছুই পরিবর্তন হচ্ছে। অডিও বুক দ্রুতই আরও জনপ্রিয়তা পাবে বলে মনে করছি।

আজকের অনুষ্ঠান : আজ মঙ্গলবার বইমেলার ২৫তম দিন। মেলা শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘জুলাই অভ্যুত্থান : গ্রাফিতি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন মুনেম ওয়াসিফ। আলোচনায় অংশগ্রহণ করবেন তাসলিমা আখতার এবং কামার আহমাদ সাইমন। সভাপতিত্ব করবেন ফারুক ওয়াসিফ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত