স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দ্রুত সময়ে পৌরসভা ও সিটি করপোরেশনের নির্বাচন হয়ে যাওয়া উচিত। যদিও বর্তমান পরিস্থিতিতে নানা চ্যালেঞ্জ রয়েছে। তবে সরকার জনগণের সমস্যা নিরসনে দ্রুত সময়ের মধ্যে অন্তত সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর নির্বাচন দিতে চায়।
গতকাল মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, বর্তমান সরকার দুর্নীতির চক্র থেকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে বের করে আনার জন্য কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে পতিত ফ্যাসিস্ট দলের পালিয়ে যাওয়া প্রতিনিধিদের স্থলে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এ খাত সংস্কারের লক্ষ্যে সংস্কার কমিশন গঠন করেছে।
এ সময় তিনি রাজনৈতিক নেতাদের জুলাইয়ের স্পিরিট ধারণ করে রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষ্যে বিব্রতকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ড. তোফায়েল আহমেদ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সিটি করপোরেশন, পৌরসভার প্রশাসকসহ স্থানীয় সরকার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
