২২ এপ্রিল শুনানি

আজহারের আপিল শুনবে সর্বোচ্চ আদালত

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০২ এএম

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদ-ের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনবে দেশের সর্বোচ্চ আদালত। মৃত্যুদ-ের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আজহারের করা আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ লিভ (আপিলের অনুমতি) মঞ্জুর করে আদেশ দেয়। একই সঙ্গে দুই সপ্তাহের মধ্যে আপিলের সার সংক্ষেপ জমা দিতে বলেছে আদালত। আগামী ২২ এপ্রিল আপিলের ওপর শুনানি হবে।

সংশ্লিষ্ট আইনজীবীরা বলেন, মানবতাবিরোধী অপরাধের কোনো মামলায় এই প্রথম রিভিউ থেকে কোনো মামলা আপিলের পর্যায়ে গেল।

আদালতে আজহারের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান এ সিদ্দিক। তার সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম শুনানিতে অংশ নেন। মৃত্যুদন্ড থেকে খালাস চেয়ে রিভিউ আবেদনের সাড়ে ৪ বছর পর গত মঙ্গলবার শুনানি শুরু করে গতকাল বুধবার পর্যন্ত শুনানি মুলতবি করে আপিল বিভাগ। ব্যারিস্টার এহসান এ সিদ্দিক সাংবাদিকদের বলেন, ‘আপিল বিভাগ ২০১৯ সালে যে রায় দিয়েছিল, সেখানে ওনারা (বিচারকরা) আন্তর্জাতিক আইন মানেননি। ১৯৭৩ সালের আইন অনুযায়ী, আন্তর্জাতিক আইন অনুসরণ করার প্রয়োজন ছিল। এটা একটা বড় গ্রাউন্ড (যুক্তি)। ওনার যেভাবে আইনটাকে ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যায় অসৎ উদ্দেশ্য ছিল। আমাদের এসব গ্রাউন্ডে লিভ শুনানির জন্য গ্রহণ করেছে আদালত।’

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আজহারুল ইসলামকে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর মৃত্যুদ-াদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে গণহত্যাসহ তিনটি অভিযোগে তাকে ফাঁসি, অপহরণ ও নির্যাতনের একটি অভিযোগে ২৫ বছর এবং আরেকটি অভিযোগে পাঁচ বছর কারাদ-াদেশ দেয় ট্রাইব্যুনাল। আজহারের আপিলের শুনানি শেষে ২০১৯ সালের ৩১ অক্টোবর তার মৃত্যুদ- বহাল রেখে রায় দেয় আপিল বিভাগ। এ ছাড়া ২৫ বছরের কারাদ-ের অভিযোগ থেকে তাকে খালাস দেয় সর্বোচ্চ আদালত। পরে আপিল বিভাগের এ রায়ের বিরুদ্ধে ২০২০ সালের ১৯ জুলাই আইনজীবীর মাধ্যমে রিভিউ আবেদন করেন আজহারুল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত