জামালপুরের সরিষাবাড়ীতে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছেন। নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ডোয়াইল ইউনিয়নের পরমানন্দপুর, কামরাবাদের বড়বাড়ীয়া ও পিংনা ইউনিয়নের কাওয়ামারা এলাকায় এ ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ডোয়াইল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মমিনুল ইসলাম মমিন, একই ইউনিয়েনর বড়বাড়ীয়া গ্রামের পেঁচা মন্ডলের ছেলে মোস্তফা মন্ডল ও পিংনা ইউনিয়নের কাওয়ামারা গ্রামের আসাদুল ইসলামের ছেলে মাদ্রাসার শিক্ষার্থী তামিম।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের মমিনুল ইসলাম মমিনের লাশ ধানক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। অপরদিকে দুপুরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া এলাকায় ধানক্ষেতে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে কৃষক মোস্তফা মন্ডল মারা যায়। এ ছাড়াও বিকালে পিংনা ইউনিয়নের কাওয়ামারা পূর্বপাড়া গ্রামের মাদ্রাসা শিক্ষার্থী তামিম গলায় ফাঁস দিয়ে মারা যায়৷
সরিষাবাড়ি থানার ওসি চাঁন মিয়া বলেন, তাদের ৩ জনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলছে। এখনো কোনো মামলা হয়নি।
