ভারত থেকে আমদানি করা ১০ হাজার ৫০০ টন সেদ্ধ চাল দেশে পৌঁছেছে। গতকাল বৃহস্পতিবার চালের এই চালান নিয়ে ‘এমভি ভিসিটি ওসেন’ নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। খাদ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের (প্যাকেজ-৩) আওতায় ভারত থেকে আমদানি করা ১০ হাজার ৫০০ টন সেদ্ধ চাল নিয়ে ‘এমভি ভিসিটি ওসেন’ জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে গতকালই এর খালাসের কার্যক্রম শুরু হয়েছে। এজন্য ইতিমধ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এর আগে গত ৩১ জানুয়ারি মিয়ানমার থেকে ২৩ হাজার টন এবং ভারত থেকে ৭ হাজার ৫০০ টন চাল আমদানি করে সরকার।
