পরিবহন উন্নয়নে ডিএনসিসিকে সহায়তা দেবে টিএফএল

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩১ এএম

ঢাকার পরিবহন ব্যবস্থার উন্নয়নে ডিএনসিসিকে কারিগরি সহায়তা দেওয়ার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে বৈঠক করেছেন ট্রান্সপোর্ট ফর লন্ডনের (টিএফএল) একটি প্রতিনিধি দল। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশান নগর ভবনে ডিএনসিসির প্রশাসকের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ঢাকায় সফররত ট্রান্সপোর্ট ফর লন্ডনের (টিএফএল) প্রতিনিধি দলে ছিলেন ট্রাফিক ম্যানেজমেন্ট এক্সপার্ট রুথ স্যালমন, সিয়ান হুস্টন ও নিকোলা ব্র্যাডি। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনারেল মো. মঈন উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব আলম, নির্বাহী প্রকৌশলী (ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেল) নাঈম রায়হান খান প্রমুখ।

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় পরিবহন ব্যবস্থার উন্নয়নে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, বাস অপারেশন এবং নিরাপত্তা এই তিনটি বিষয়ে ডিএনসিসিকে কারিগরি সহায়তা  দেবে ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল) । শুরুতে গুলশান-১ ও গুলশান-২ এলাকায় পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করবে লন্ডন ভিত্তিক সংস্থাটি। ইউকে ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এর আর্থিক সহায়তায় টিএফএল ডিএনসিসিকে কারিগরি সহায়তা প্রদান করবে। উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের নভেম্বর মাসে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় আধুনিক পরিবহন ব্যবস্থা, ট্রাফিক সিগন্যাল, যানজট নিরসনে কাজ করার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ইউকে ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত