সৌদি আরবে গতকাল শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ শনিবার থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে। সৌদি আরবের সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ গতকাল এ ঘোষণা দিয়েছে।
গালফ নিউজের খবরে বলা হয়েছে, সৌদি আরবে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় চাঁদের দেখা পেতে কিছুটা দেরি হয়। এরপর চাঁদ দেখা গেলে রোজা শুরুর ঘোষণা দেওয়া হয়।
এর আগে মালয়েশিয়া, ফিলিপাইন, ব্রুনাই ও জাপানে আগামীকাল রবিবার থেকে রমজান শুরুর ঘোষণা দেয় দেশগুলোর সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ। অস্ট্রেলিয়া ও ওমানে রমজান শুরু হচ্ছে আজ থেকে।
এদিকে বাংলাদেশে চলতি বছর পবিত্র রমজান মাস কবে শুরু হবে, তা জানা যাবে আজ সন্ধ্যায়। সৌদিতে যেদিন চাঁদ দেখা যায়, এর পরদিন সাধারণত বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মেলে চাঁদের দেখা। এরপর প্রথম রমজানের সাহরি গ্রহণ করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
আজ বাদ মাগরিব রমজানের চাঁদ দেখা কমিটির সভা হওয়ার কথা রয়েছে। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে সন্ধ্যা ৬টায় এ সভা শুরু হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর : ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।
