নিখোঁজের ৪১ দিন পর সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার  

আপডেট : ০১ মার্চ ২০২৫, ০৭:৪৩ এএম

রংপুরের কাউনিয়ায় নিখোঁজের ৪১ দিন পর সেপটিক ট্যাংক থেকে দোলামনি (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের মধ্য ধর্মেশ্বর গ্রামের আফজাল হোসেনের সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের পরিবার ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, কুর্শা ইউনিয়নের মধ্য ধর্মেশ্বর গ্রামের দেলোয়ার মিয়ার মেয়ে দোলামনি (৪) গত ১৭ জানুয়ারি নিখোঁজ হয়। এ ঘটনায় থানায় জিডি করলেও তার খোঁজ মেলেনি। পরে গত ২৭ ফেব্রুয়ারি কাউনিয়া ও পীরগাছা সেনাবাহিনীর ক্যাম্পে দেলোয়ার মিয়া লিখিত অভিযোগ করেন। এরপর রংপুর ৭২ ব্রিগেডের অধীনে দায়িত্বপ্রাপ্ত ৩০ বেঙ্গল ইউনিটের ক্যাপ্টেন মেহেদী হাসান নিয়নের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। এদিন রাত ৮টার দিকে আফজাল হোসেনের বাড়ির সেপটিক ট্যাংক থেকে দোলামনির লাশ উদ্ধার করা হয়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, নিহত শিশুর পরিবারের মধ্যে হত্যাকারীদের কলহের কারণে এ হত্যাকা- হয়েছে। হত্যাকারীরা তাদের নিকটাত্মীয়। ইতিমধ্যেই ধর্মেশ্বর গ্রামের নুরুল ইসলাম (৪৫), মামুন মিয়া (১৯), সুমন মিয়াকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকা-ের প্রকৃত মোটিভ উদ্ধারে কাজ করছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত