কলাকাল ও কালনী আর্ট স্টুডিওর যৌথ উদ্যোগে কালনী স্টুডিওতে শুরু হতে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের নারী শিল্পীদের নিয়ে ১০ দিনব্যাপী এক রেসিডেন্সি প্রোগ্রাম। প্রোগ্রামটি চলবে ৯ মার্চ পর্যন্ত, যেখানে দেশের নামকরা শিল্পী ও উদীয়মান প্রতিভারা একসঙ্গে কাজ করবেন। তারা শিখবেন এবং নিজেদের শিল্পচর্চাকে আরও সমৃদ্ধ করবেন।
আজ শনিবার প্রোগ্রামটি উদ্বোধন করেন শিল্পী আবুল বারক আলভী, শিশির ভট্টাচার্য, আনিসুজ্জামান আনিস। তাছাড়া রেসিডেন্সি জুড়ে থাকবেন বরেণ্য শিল্পী শহিদ কবীর, মনিরুল ইসলাম, দিলারা বেগম জলি, রশিদ আমিন, জয়া শাহরিন হক, আসমিতা আলম প্রমুখ।
কেবল নারী শিল্পীদের জন্য এমন অনন্য আয়োজন বাংলাদেশে এই প্রথম। ঢাকায় এ রেসিডেন্সির সূচনার মাধ্যমে কলাকাল ও কালনী আর্ট স্টুডিও যৌথভাবে সারা বছর এমন কার্যক্রম চালু রাখার পরিকল্পনা রয়েছে।
ঢাকার বাইরের নারী শিল্পীদের বছরের শুরুতেই আহ্বান জানানো হয়েছিল। সেখান থেকে ছয়জন শিল্পীকে প্রথমবারের মতো এ প্রোগ্রামে বাছাই করা হয়েছে। তারা হলেন মাধবী রানী নাথ, সাদিকা করিম, জয়সংগিতা ধর, তানজিমা তাবাচ্ছুম এশা, মোহসানা আহসান সাবা, কামরুন নাহার।
মূলত ‘প্রিন্ট মেকিং’কে কেন্দ্র করে একটি এক্সক্লুসিভ রেসিডেন্সি হিসেবে ১০ দিনের স্টুডিওর কাজগুলো বিন্যস্ত করা হয়েছে। এ রেসিডেন্সিতে অংশগ্রহণকারী শিল্পীরা প্রিন্ট মেকিং, প্রযুক্তিগত বৃদ্ধি, পরীক্ষা-নিরীক্ষা ও সহযোগিতার সৃজনশীল সম্ভাবনার মধ্যে নিমজ্জিত হয়ে আত্মোপলব্ধির সুযোগ পাবেন বলে আশা রাখছেন প্রোগ্রামের পরিচালক ও সঞ্চালকরা।
রেসিডেন্সিতে থাকছে পরীক্ষামূলক মুদ্রণ তৈরির কর্মশালা। এর মাধ্যমে উদ্ভাবনী কৌশলগুলোর গভীর পর্যবেক্ষণ ও বিশেষজ্ঞের নির্দেশনাসহ নতুন পদ্ধতির অন্বেষণ হবে। হ্যান্ডস-অন স্টুডিও অনুশীলনের মাধ্যমে নিমগ্ন শিক্ষার জন্য অত্যাধুনিক প্রিন্ট মেকিং টুল ও সংস্থান অ্যাকসেস লাভ করা যাবে।
স্টুডিও ভিজিটও থাকছে। এর মাধ্যমে বিখ্যাত প্রিন্টমেকারদের কাছ থেকে শিক্ষা ও সমালোচনা গ্রহণ এবং তাদের কাজ ও প্রক্রিয়া থেকে অনুপ্রেরণা লাভ করাই উদ্দেশ্য। গ্রুপ সমালোচনা ও আলোচনার মাধ্যমে ধারণা বিনিময়, গঠনমূলক প্রতিক্রিয়া এবং নিজস্ব নৈপুণ্যতাকে পরিমার্জনের সুযোগ থাকছে। সবশেষে চূড়ান্ত প্রদর্শনী। জনসাধারণের জন্য উন্মুক্ত একটি পেশাদার প্রদর্শনীর মাধ্যমে শিল্পীর সামগ্রিক সৃষ্টিগুলো প্রদর্শন করা হবে।
তাছাড়া দেশের বরেণ্য শিল্পীদের সঙ্গে ১০ দিন নানা আলাপচারিতার মাধ্যমে এ রেসিডেন্সি প্রোগ্রামের অভিজ্ঞতা লাভ করবেন। পাশাপাশি এ রেসিডেন্সি প্রোগ্রামে শিল্পীরা নিজেদের শিল্পচর্চাকে নতুনভাবে আবিষ্কার করাসহ একে অন্যের সঙ্গে চিন্তা ভাবনা, টেকনিক আর গল্প শেয়ার করতে পারবেন। এক ছাদের নিচে কাজ করতে গিয়ে গড়ে উঠবে নতুন বন্ধুত্ব ও শিল্পী-সম্পর্ক, যা ভবিষ্যতে তাদের সৃষ্টিশীল যাত্রাকে আরও সমৃদ্ধ করবে।
