চাঁদপুরে পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর সদর, ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ উপজেলায় এসব ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন চাঁদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক নাসের আবুল হাসান।
মারা যাওয়া শিশুরা হলো সদর উপজেলার বহরিয়া এলাকার মো. সহিদের মেয়ে মাইমুনা (৩), ফরিদগঞ্জ উপজেলার বাগড়া বাজার এলাকার আহমেদ শেখের ছেলে মিরাজ (২) এবং হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও এলাকার সাদ্দামের ছেলে জুনায়েদ (২)। মাইমুনার পরিবার জানায়, মাইমুনার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ঘরের পাশের পুকুরে তার লাশ ভেসে ওঠে। জুনায়েদের পরিবার জানায়, হঠাৎ জুনায়েদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে তার লাশ ভেসে ওঠে।
মিরাজের বাবা আহমেদ শেখ বলেন, সকালে সবার অগোচরে মিরাজ পুকুরে ডুবে যায়। পরে পুকুরে ভেসে উঠলে মিরাজকে হাসপাতালে নেওয়া হয়।
