বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য শাহিদা রফিক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৭ বছর। গতকাল রবিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর ধানম-ির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
শাহিদা রফিক স্বামী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্বামী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তার মৃত্যুত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে বিএনপির বর্ধিত সভাস্থলে গর্তে পড়ে গিয়ে শাহিদা রফিক আহত হন। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা নেন। বর্ধিত সভায় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে তাকে ধানম-ির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করানো হয়।
স্বজনরা জানান, গত শনিবার সকালে হঠাৎ করে রক্তচাপ অনেক কমে যাওয়ায় চিকিৎসকরা দ্রুত শাহিদা রফিককে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেন। তার কিডনি ও হার্ট স্বাভাবিকভাবে কাজ করছিল না বলে তখন জানিয়েছিলেন চিকিৎসকরা।
