সম্পদ বিবরণী দাখিল না করাসংক্রান্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিচারিক আদালতের দেওয়া তিন বছরের কারাদন্ডaদেশ থেকে খালাস পেয়েছেন দৈনিক আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান। তার করা আপিল মঞ্জুর করে গতকাল সোমবার বিচারপতি সহিদুল করিমের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। আদালতে মাহমুদুর রহমানের আইনজীবী পারভেজ হোসেন হাইকোর্টের এ রায়ের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী শাহীন আহমেদ।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১০ সালের ১৩ জুন রাজধানীর গুলশান থানায় এ মামলা করে দুদক। ২০১৫ সালের ১৩ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৩ মাহমুদুর রহমানকে তিন বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১ লাখ টাকা অর্থদন্ড দেয়। পরে এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তিনি।
