ডেমরায় নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০৩:২১ পিএম

রাজধানীর ডেমরা কোনাপড়া এলাকার একটি বাসা থেকে স্বর্ণা আক্তার (১৭) নামে এক গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত পৌঁনে ৩টার দিকে কোনাপাড়া পাড়াডগাইর শাহজালাল রোডের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। 

মরদেহের সুরতহাল প্রতিবেদনে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম উল্লেখ করেন, স্বামী রাহাতুল হাসান রাহাতের সাথে পাড়াডগাইর শাহজালাল রোডের ওই বাড়ির ৪ তলায় ভাড়া বাসায় থাকতেন স্বর্ণা। সোমবার দিবাগত রাত ১২টা থেকে পৌনে ৩টার মধ্যে রুমের ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরে তার স্বামীই দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পরবর্তীতে ঝুলন্ত অবস্থা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্বর্ণার বোন বর্না আক্তার জানান, তাদের বাড়ি বরগুনার সদর উপজেলার লাকুরতলা গ্রামে। বাবার নাম জামাল হোসেন। স্বর্ণা গার্মেন্টসে চাকরি করেন। তার স্বামী রাহাতুল হাসান রাহাত কাপড়ের দোকানের কর্মচারী। স্বামীর সাথে পাড়াডগাইর শাহজালাল রোডের ওই বাড়ির ৪ তলায় ভাড়া বাসায় থাকতেন। স্বর্ণার মৃত্যু নিয়ে তাদের সন্দেহ রয়েছে। সে আত্মহত্যা করেনি বলে দাবি করেন স্বজনরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত