প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ডিসেম্বরে নির্বাচন ধরে নিয়ে সেই প্রস্তুতি চলছে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা ইসির হাতে থাকা উচিত বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গতকাল মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচন একসঙ্গে করার কথা বলেছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশন এখন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক দল অনেক কথা বলবে, কমিশন রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে পারবে না।
এ প্রসঙ্গে এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, ‘সরকারপ্রধান যেখানে একটা টাইমফ্রেম ঘোষণা করেছেন, হয় ডিসেম্বরে নয়তো ২০২৬ সালের শুরুর দিকে (জাতীয় নির্বাচন)।
আমরা ডিসেম্বরকে ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছি।’
