অতিরিক্ত দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০৬:৫৩ এএম

সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে ৩ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান। এর সঙ্গে অতিরিক্ত আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গতকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকের পর বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ওই সিদ্ধান্তের কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

অতিরিক্ত হিসেবে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, গ্রামাঞ্চলের মানুষ চিকিৎসাসেবা পান না। তাদের চিকিৎসা-সুবিধার জন্য যেন পর্যাপ্ত চিকিৎসক নিশ্চিত করা যায়, সে জন্য এ সিদ্ধান্ত।

পরিবেশ উপদেষ্টা বলেন, বর্তমানে দুটি দেশ থেকে (দীর্ঘমেয়াদি চুক্তির আওতায়) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করা হয়। কিন্তু কয়েক দিন আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সৌদি আরবে গিয়েছিলেন। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকোর কর্মকর্তাদের সঙ্গে তার কথা হয়েছে। আরামকো বাজারে যে দামে এলএনজি বিক্রি করে, তার চেয়ে কম দামে বাংলাদেশে এলএনজি সরবরাহে সম্মত হয়েছে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এ পর্যন্ত উপদেষ্টা পরিষদে ১৩৫টি সিদ্ধান্ত হয়েছে। যার মধ্যে ৯২টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৮.১৬ শতাংশ বলে জানান রিজওয়ানা হাসান।

 বৈঠকে দুটি প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয় বলে জানান পরিবেশ উপদেষ্টা। এগুলো হলো বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন (সংশোধন) অধ্যাদেশ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার আইন (সংশোধন) অধ্যাদেশ। এখানে এখন নামটি থাকবে না। যেমন নভোথিয়েটার আইন (সংশোধন) অধ্যাদেশ হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে জুলাই অভ্যুত্থানে হতাহত পরিবারের সদস্যদের কোটা প্রসঙ্গে ব্রিফিংয়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ আহত ও শহীদ পরিবারের সদস্যদের বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এই সুবিধা এককালীন হবে। এটি ক্ষতিগ্রস্ত পরিবারকে যে এককালীন সহায়তা দেওয়া হচ্ছে, তারই অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এটি কোনোভাবেই কোটার সঙ্গে তুলনীয় নয়।

নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. ইউনূস এ বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। তবে এই সময়টা কবে চূড়ান্ত হবে তা আপনারা উনার মুখ থেকেই শুনবেন।’

এ সময় তিনি বলেন, মব জাস্টিস বা মোরাল পুলিশিংয়ের স্থান বাংলাদেশে নেই। নারীর প্রতি সহিংসতা কোনোভাবেই অ্যালাউ করে না সরকার।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ নিচ্ছে সরকার। যখনই কোনো ঘটনা নজরে আসছে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

খাবার-পানীয়র মোড়কে উল্লেখ করতে হবে চিনি, লবণ ও ফ্যাটের মাত্রা : উপদেষ্টা পরিষদের বৈঠকে বৈশ্বিক মানদন্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন খাবারে চিনি, লবণ ও স্যাচুরেটেড ফ্যাট গ্রহণ সম্পর্কিত সতর্কবার্তা প্রদানের প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

এমন তথ্য জানিয়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘জনস্বাস্থ্য রক্ষায় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে মোড়কজাত খাবার ও পানীয়ের মোড়কে চিনি, লবণ ও স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ সম্পর্কিত সতর্কবার্তা সন্নিবেশ করার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল প্র্যাকটিস রয়েছে। একই সঙ্গে আমাদের রিজিওনাল স্ট্যান্ডার্ড বিবেচনা করে মডেস্ট অ্যাপ্রোচে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যসেবা বিভাগ পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে।’

এক্ষেত্রে মোড়কজাত খাবার ও পানীয়ের মোড়কে চিনি, লবণ ও স্যাচুরেটেড ফ্যাট গ্রহণ সম্পর্কিত সতর্কবার্তা মোড়কে উল্লেখ করতে হবে বলে ব্রিফিংয়ে জানানো হয়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে অ্যাকশন প্ল্যান চূড়ান্ত : বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকার কাজ করছে, ইতিমধ্যে অ্যাকশন প্ল্যান চূড়ান্ত করা হয়েছে উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, ‘বায়ুদূষণ নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। ঢাকার আশপাশে যেসব ইটভাটা আছে সেগুলো আগামী বছর যেন বন্ধ করা যায় সে ব্যাপারে কাজ করছি। সাভার, আমিনবাজার এলাকাকে ব্রিকস জোন ঘোষণা করতে কাজ করছে সরকার। এসব পরিকল্পনা বাস্তবায়ন হলে আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে ঢাকার বায়ুদূষণ কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত