হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের প্রস্তুতি হিসেবে একসঙ্গে ৩২টি ইকুইপমেন্টের কমিশনিং করল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গতকাল বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জিএসই বিভাগে নতুন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট কমিশনিং অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী, বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. শাফিকুর রহমানসহ বিমান ও সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে মোট ৫৪ কোটি টাকা ব্যয়ে ক্রয়কৃত ছয় ধরনের মোট ৩২টি অত্যাধুনিক গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের কমিশনিং করা হয়। ইকুইপমেন্টসমূহের মধ্যে রয়েছে দুটি অত্যাধুনিক এয়ারক্রাফট কন্টেইনার প্যালেট লোডার, ১২টি এয়ারক্রাফট কন্টেইনার প্যালেট ট্রান্সপোর্টার ও ৯টি বেল্ট লোডার, ১১৫ টন ক্ষমতাসম্পন্ন দুটি এবং ৬৫ টন ক্ষমতাসম্পন্ন পাঁচটি এয়ারক্রাফট এয়ার কন্ডিশনিং ইউনিট। এছাড়াও রয়েছে দুটি এয়ার স্টার্ট ইউনিট।
অনুষ্ঠানে জানানো হয়, ইকুইপমেন্টসমূহ জিএসই বহরে যুক্ত হওয়ার ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সক্ষমতা বৃদ্ধিতে বিমান আরও এক ধাপ অগ্রসর হলো।
অনুষ্ঠানে আরও জানানো হয়, আরও বিভিন্ন ইকুইপমেন্ট ক্রয়ের পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। ইকুইপমেন্ট ক্রয়ের পাশাপাশি ২০ জন সহকারী ব্যবস্থাপক, ৮১ জন জিএসই অপারেটর, ৭১ জন মেকানিক/ইলেক্ট্রিশিয়ানসহ বিভিন্ন পদে মোট ১৯৩ জন জনবল নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। বিজ্ঞপ্তি
