সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়া এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় খাসিয়ারা। চোরা কারবারের দ্বন্দ্ব নিয়ে এ হত্যাকা- ঘটেছে বলে জানা গেছে। নিহত যুবকের নাম শাহেদ মিয়া (২৬)। গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, চোরাচালানের সঙ্গে জড়িত শাহেদ মিয়া বৃহস্পতিবার মধ্যরাতে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে ভারতীয় খাসিয়াদের সঙ্গে চোরাকারবার নিয়ে তার ঝগড়া হয়। এক পর্যায়ে খাসিয়াদের পিটুনিতে শাহেদ মারা যান। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিষয়টি বিজিবিকে অবহিত করে।
বিজিবির ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির লাশ দেশে ফিরিয়ে আনার আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
