ন্যায্য পদোন্নতি ও সব ধরনের বৈষম্য নিরসনের দাবিতে আজ শনিবার থেকে কর্মবিরতিতে যাচ্ছে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। সকাল ১০টা থেকে টানা তিন দিন দুই ঘণ্টা করে চলবে এই কর্মসূচি। দাবি আদায় না হলে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন চিকিৎসকরা। গতকাল শুক্রবার ফোরামের পক্ষে ডা. মোহাম্মদ আল আমিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের ন্যায্য পদোন্নতি ও সব ধরনের বৈষম্য নিরসনের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছেন। আজ শনিবার থেকে সোমবার প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালিত হবে। চিকিৎসকরা হাসপাতালের সামনে ব্যানার হাতে মৌন প্রতিবাদ করবেন। তবে জরুরি বিভাগের সেবা কর্মসূচির আওতামুক্ত থাকবে।
সিংগঠনটি বলছে, দাবির বিষয়গুলো দ্রুততার সঙ্গে বাস্তবায়ন না হলে দেশের চিকিৎসাব্যবস্থা দীর্ঘস্থায়ী সংকটে পড়তে পারে।
