ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলীর বিরুদ্ধে এক বৃদ্ধাকে হামলার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানি, ১০ লাখ টাকা চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গত বৃহস্পতিবার রাতে সবুরা বেগম (৭৫) বাদী হয়ে ফুলগাজী থানায় একটি অভিযোগ করেছেন।
জানা যায়, আমজাদহাট ইউনিয়নের মণিপুর গ্রামের বাসিন্দা সবুরা বেগমের তিন ছেলের মধ্যে বড় ছেলে আবুল বশারের স্ত্রীর ভাই লিয়াকত আলী প্রায়ই তাদের বাড়িতে এসে জোর করে পারিবারিক সম্পত্তি ভাগাভাগি করতে চাপ দেন। তাতে রাজি না হওয়ায় সবুরা বেগমকে হুমকি দেন তিনি।
গত বৃহস্পতিবার সরেজমিনে গেলে সবুরা বেগম বলেন, ‘গত মঙ্গলবার আমার বসতবাড়ির উঠানে এসে লিয়াকত আলী আমার ও আমার পরিবারের সদস্যদের সঙ্গে মারমুখী আচরণ করেন। এ সময় ১০ লাখ টাকা পরিশোধ না করলে বাড়িতে থাকতে দেবে না বলে হুমকি দেন। বর্তমানে আমি তার ভয়ে আতঙ্কিত অবস্থায় দিনাতিপাত করছি।’
এ ব্যাপারে অভিযুক্ত লিয়াকত আলী বলেন, ‘আমি বোনের শাশুড়ির কাছে চাঁদা দাবি করিনি। এর আগে তারা তাদের সম্পত্তি ভাগাভাগিকে কেন্দ্র করে আমার বোনকে বেধড়ক পেটায়। হামলার ঘটনায় জড়িত আমার বোনের দেবর, শাশুড়ি ও অন্য সদস্যদের নামে আদালতে মামলা করেছি, যা বিচারাধীন রয়েছে।’
