ক্রিকেটারদের ব্যতিক্রমী শপথ পড়ালেন শান্ত

আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০৫:৪১ পিএম

ঢাকার ক্রিকেটে দুর্নীতির ছায়া দীর্ঘদিনের। ম্যাচ পাতানোর অভিযোগ, ফিক্সিং চক্রের দৌরাত্ম্য—এসব যেন একসময় নিয়মিত আলোচনার বিষয় হয়ে উঠেছিল। তবে এবার তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট লিগ শুরুর আগে বিসিবি নিয়েছে ব্যতিক্রমী এক উদ্যোগ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্রিকেটারদের শপথবাক্য পাঠ করিয়ে মাঠ ও মাঠের বাইরের অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অঙ্গীকার করানো হয়েছে।

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক বর্ণিল অনুষ্ঠানে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে উচ্চারিত শপথবাক্য অনুসরণ করে সমস্বরে শপথ নেন ৬০ দলের অধিনায়ক। প্রতিযোগিতায় সততার সঙ্গে খেলার অঙ্গীকারের পাশাপাশি ম্যাচ ফিক্সিংসহ যেকোনো অনিয়ম প্রতিহত করার প্রতিশ্রুতি দেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী, বোর্ডের গেম ডেভেলপমেন্টের প্রোগ্রাম কো-অর্ডিনেটর হাবিবুল বাশারসহ অন্যান্য কর্মকর্তারা।

সাত বছর পর ফিরছে বাছাই লিগ

২০১৭ সালের পর প্রথমবার মাঠে গড়াতে যাচ্ছে তৃতীয় বিভাগ বাছাই পর্ব। ঢাকার ৫টি ভেন্যুতে ১০ মার্চ শুরু হবে প্রতিযোগিতা, যেখানে ৬০টি দল অংশ নিচ্ছে। এখান থেকে শীর্ষ ২ দল তৃতীয় বিভাগ লিগে খেলার সুযোগ পাবে। এবারের আসরের পৃষ্ঠপোষক সিটিজেনস ব্যাংক, যারা ৩০ লাখ টাকা অর্থায়ন করছে।

৬০ দলের অধিনায়কদের একাংশ। ছবি: মোশারফ ভুবন

২০১৩-১৪ মৌসুমের পর থেকে বিতর্কের ঘেরাটোপে আটকে যায় তৃতীয় বিভাগ বাছাই পর্ব। এন্ট্রি ফি ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ করা হলে অংশগ্রহণকারী দল কমতে থাকে। শেষ পর্যন্ত লিগটাই বন্ধ হয়ে যায়। তবে বিসিবির নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর ফের চালু হচ্ছে প্রতিযোগিতাটি। এবার এন্ট্রি ফি কমিয়ে ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে এবং বাতিল করা হয়েছে সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন সংক্রান্ত শর্ত।

কীভাবে হবে খেলা?

বাছাই পর্বে অংশ নেওয়া ৬০টি দলকে ভাগ করা হয়েছে ১২টি গ্রুপে। প্রতিটি গ্রুপে থাকবে ৫টি দল। রাউন্ড রবিন লিগ শেষে প্রতি গ্রুপের শীর্ষ দল যাবে সুপার লিগে। এরপর ১২ দলের সুপার লিগ হবে দুটি গ্রুপে, যেখানে প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল তৃতীয় বিভাগে খেলার টিকিট পাবে।

প্রতিযোগিতার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৫০ ওভারের ফরম্যাটে, লাল বলে এবং সাদা পোশাকে। খেলা হবে সিটি ক্লাব মাঠ, মাসকো ক্রিকেট একাডেমি, পুবেরগাঁও ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠসহ সাতটি ভেন্যুতে।

বেলুন উড়িয়ে উদ্বোধন। ছবি: দেশ রূপান্তর

নতুন প্রতিভা খোঁজার মঞ্চ

অনুষ্ঠানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, 'তৃতীয় বিভাগ বাছাই পর্ব থেকে ক্রিকেটার উঠে আসার পথ অনেকদিন বন্ধ ছিল। এখন সেটি চালু করা হয়েছে। এখান থেকে সহজাত প্রতিভা খুঁজে বের করা হবে, যাদের আমরা পরবর্তীতে পরিচর্যা করব।'

ঢাকার ক্রিকেটের প্রাণ এই প্রতিযোগিতা। দীর্ঘ সাত বছর পর ফের চালু হওয়া তৃতীয় বিভাগ বাছাই লিগ তাই শুধু প্রতিযোগিতা নয়, বরং নতুন প্রতিভা তুলে আনার এক মঞ্চও বটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত