বরিশালে বাস ও মাহিন্দ্রা শ্রমিকদের দ্বন্দ্বের জেরে নগরীর রূপাতলী বাস টার্মিনাল থেকে বিভাগের সকল জেলার সাথে বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক ও শ্রমিকরা। গতকাল শনিবার বেলা ১২টার পর থেকে বিভাগের ১৬টি রুটে বাস চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
রূপাতলী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী অভিযোগ করে বলেন, ‘খয়রাবাদ সেতুর ঢালে বাস মালিক সমিতির নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় সিএনজি-থ্রি-হুইলার ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান খোকার নেতৃত্বে হামলা চালানো হয়। তারা বাসে ওঠে শ্রমিক ও যাত্রীদের মারধর করে।’ সিএনজি চালক আনিসুর রহমান বলেন, ‘বরিশাল থেকে যাত্রী নিয়ে গেলে বাস শ্রমিকরা আমাদের গাড়ি থামিয়ে যাত্রী নামিয়ে দেয়। খয়রাবাদ ব্রিজের ঢালে ও ঝালকাঠির ষাটপাকিয়া এলাকায় এমন চেকপোস্ট বসানো হয়।’ বিষয়টি সম্পর্কে জানতে সিএনজি-থ্রি-হুইলার শ্রমিক ইউনিয়নের সভাপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
