বিচার বিভাগের দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। গতকাল শনিবার বিকেলে আইন, আদালত, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) ইফতার মাহফিলে এমন আহ্বান জানান তিনি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের হলরুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ল রিপোর্টার্স ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি হাসান জাবেদ। ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ডিআরইউর সাবেক সভাপতি নজরুল ইসলাম মিঠু ও ইলিয়াস হোসেন, ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য সচিব কাজী আব্দুল হান্নান, সাবেক সভাপতি এম বদি-উজ-জামান ও মাশহুদুল হক, বর্তমান সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম প্রমুখ।
