বিশেষজ্ঞ চিকিৎসক কর্মবিরতি স্থগিত

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৬:৫৯ এএম

আগামী তিন মাসের মধ্যে দাবি পূরণের আশ্বাস পেয়ে কর্মবিরতি স্থগিত করেছেন সরকারি বিশেষজ্ঞ চিকিৎসকরা। পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল শনিবার থেকে প্রতিদিন দুই ঘণ্টা করে টানা তিন দিন কর্মবিরতি পালনের কথা ছিল। রাজধানীর কিছু হাসপাতালে কর্মবিরতি শুরুও হয়েছিল। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস দেওয়া হলে তাৎক্ষণিক কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেয় বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম।

সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। এ সময় সেখানে উপস্থিত হয়ে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী উপদেষ্টা অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

তিনি আরও বলেন, পদোন্নতি পাওয়ার যোগ্য আট হাজারের অধিক বিশেষজ্ঞ চিকিৎসক পদোন্নতিবঞ্চিত। তাদের পদোন্নতির প্রক্রিয়া চলমান। তিন স্তরের তালিকা ধরে কাজ হচ্ছে। আগামী ১২ সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে তাদের পদোন্নতি দৃশ্যমান হবে।

এরপর কর্মসূচি প্রত্যাহার করে নেন চিকিৎসকরা। বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের পক্ষে ডা. মোহাম্মদ আল আমিন এক বিবৃতিতে জানান, বিশেষ সহকারী উপদেষ্টা সায়েদুর রহমান ন্যায্য প্রমোশনসহ সব বৈষম্য নিরসনের দাবিতে ঘোষিত বিশেষজ্ঞ চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত করা হলো।

তিন তালিকায় পদোন্নতি : দাবি পূরণের আশ্বাস দিয়ে অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, ‘পদোন্নতি শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের একক সিদ্ধান্তের বিষয় না। আমরা জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে একটি স্বীকৃত পদ্ধতি তৈরি করেছি। এর পাশাপাশি পাবলিক সার্ভিস কমিশনকেও (পিএসসি) আমরা সম্পৃক্ত করেছি। এজন্য বেশ সময় অতিবাহিত হয়েছে। পদোন্নতির জন্য অপেক্ষমাণ আট হাজারের অধিক বিশেষজ্ঞ চিকিৎসকদের তালিকা করার প্রক্রিয়াটি জটিল ছিল। পুরো তালিকাটি পর্যবেক্ষণের আলোকে তিন ভাগে ভাগ করে পর্যায়ক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছি।’

ডা. সায়েদুর রহমান আরও বলেন, ‘৩ হাজার ৩৩ জন বিশেষজ্ঞ চিকিৎসকের পদোন্নতির জন্য সুপার নিউমারারি পদ সৃষ্টির প্রস্তাব ১০/১১ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে চলে যাবে।

দাবি পূরণ না হলে হুঁশিয়ারি : বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের বিবৃতিতে জানানো হয়, ন্যায্য প্রমোশন ও সব ধরনের বৈষম্য নিরসন যদি নির্ধারিত ১২ সপ্তাহের মধ্যে না হয়, তবে বিশেষজ্ঞ চিকিৎসকরা আবার কর্মবিরতিকে যাবে।

গতকাল তিন দিনের কর্মবিরতি একাত্মতার ঘোষণা আসে বিশেষজ্ঞ চিকিৎসকদের আরও কয়েকটি সংগঠনের পক্ষ থেকে। সংগঠনগুলো হচ্ছে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন, সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ, সোসাইটি অব নিউরোলজিস্ট অব বাংলাদেশ, সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশ, অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব লিভার ডিজিজেস, দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও বাংলাদেশ সোসাইটি অব কোলন অ্যান্ড রেক্টাল সার্জনস।

বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের দাবিগুলো হলো চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও এমবিবিএস ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখতে পদোন্নতিযোগ্য সব বিশেষজ্ঞ চিকিৎসকের অতি দ্রুত এবং ভূতাপেক্ষ পদোন্নতি নিশ্চিত করা, অন্ত ও আন্তঃক্যাডার বৈষম্য দূর করা এবং তৃতীয় গ্রেড পাওয়া সব যোগ্য চিকিৎসককে নির্দিষ্ট সময় পর দ্বিতীয় ও প্রথম গ্রেডে পদোন্নতি দিয়ে ন্যায্য পাওনা নিশ্চিত করা।

নিউরোসায়েন্সেস হাসপাতালের বহির্বিভাগে ভাঙচুর : বিশেষজ্ঞ চিকিৎসকদের দুই ঘণ্টার কর্মবিরতির কারণে গতকাল কিছু সরকারি হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসাসেবা বন্ধ ছিল। এতে রোগীরা দুর্ভোগে পড়ে। এ সময় রোগীরা ক্ষিপ্ত হয়ে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের অভ্যর্থনা কক্ষ ভাঙচুর করে। কয়েকজন চিকিৎসকের সঙ্গে বাগবিত-ায় জড়ায় রোগীর লোকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত