বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, রাজনৈতিক ঐক্যে কৃত্রিমভাবে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মালিবাগের স্কাইসিটি হোটেলে গণ অধিকার পরিষদ আয়োজিত ইফতার পার্টিতে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘গত বছর ও তার আগের বছরগুলোর তুলনায় এবার রমজানের সময় ইফতার পার্টিতে আসার শঙ্কা নেই। আমরা এখন একেবারে নীরবে, নিশ্চিন্তে এসেছি। কোনো উৎপীড়ন নেই, আমরা আরামের সঙ্গে এসেছি এবং চলে যাব। এই অবস্থাটি আমরা ৫ আগস্টের আন্দোলনের বিজয়ে অর্জন করেছি এবং এখন সেই অর্জনটা আমরা ভোগ করছি।’
তিনি আরও বলেন, ‘এখানে ইফতারের টেবিলে আমরা আটটি রাজনৈতিক দলের নেতারা বসেছি, অন্য টেবিলেও বিভিন্ন দলের নেতারা বসেছেন। সবাই একসঙ্গে এনজয় করছি। আমরা যদি বাকি সময়টা বাংলাদেশকে গড়ে তোলার জন্য এভাবে একসঙ্গে থাকতে পারি, তাহলে অসুবিধাটা কোথায়?’
মির্জা আব্বাস অভিযোগ করেন, ‘কৃত্রিমভাবে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। বিভিন্ন দল একে অন্যের বিরুদ্ধে কথা বলছে, কাদা ছুড়ছে, এটা ঠিক না। তাহলে ৫ আগস্টের আন্দোলনের যে বিজয় আমরা অর্জন করেছি, সেটা নিঃশেষ হয়ে যাবে।’
সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা দেশকে সুন্দর করতে চাই। হিংসা-বিদ্বেষ বা ঈর্ষা নিয়ে কখনোই দেশ ভালো হবে না। আমাদের ৫ আগস্টের আন্দোলনের অর্জন যেন কোনো ষড়যন্ত্রের কারণে বৃথা না যায়।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি পরিষ্কার রোডম্যাপ চেয়ে বলেছেন, ‘সংস্কার, আলাপ-আলোচনা চলতে থাকবে, কিন্তু আমরা জাতীয় সংসদ নির্বাচনের জন্য দ্রুত একটি সিদ্ধান্তে পৌঁছাতে চাই। এজন্য আমরা রোডম্যাপ চাই, যা জনগণের চাহিদা অনুযায়ী হবে।’ প্রধান উপদেষ্টা থেকে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ শিগগিরই প্রকাশের আশা ব্যক্ত করেন তিনি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ সময় কোরআন এবং হাদিস নিয়ে বিভিন্ন আলোচনা করেন।
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সভাপতিত্বে ও ফারুক হাসানের সঞ্চালনায় ইফতার পার্টিতে অংশ নেন জাতীয় পার্টির (কাজী জাফর) নেতা মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জামায়াতে ইসলামীর নেতা আবদুল হালিম ও এনডিএমের ববি হাজ্জাজসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
