রাজধানীর রামপুরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দেলোয়ার হোসেন (৩১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি একটি ট্রাভেল এজেন্সিতে কর্মরত ছিলেন। গতকাল শুক্রবার সকালের দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দেলোয়ার যশোরের শার্শা থানার নন্দীপাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে। বর্তমানে খিলগাঁওয়ে ভাড়া থাকতেন।
দেলোয়ারকে হাসপাতালে নিয়ে আসা তার মামাতো ভাই ইমরান বলেন, আমার ভাই একটি ট্রাভেল এজেন্সিতে কর্মরত ছিলেন। তিনি তার এক ক্লায়েন্টকে নামিয়ে দিয়ে খিলগাঁও বাসায় ফেরার পথে রামপুরার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
