কালীগঞ্জে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি হামলায় আহত ২০

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০৭:০৯ এএম

গাজীপুরের কালীগঞ্জে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি হামলায় ২০ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলার বাহাদুরসাদী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সোহরাব হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। আহতদের মধ্যে জামায়াতের কর্মী আসলাম (২৬) এবং হাফিজ উদ্দিনকে (৩৫) গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাহাদুরসাদী ইউনিয়ন জামায়াত নেতা সুমন মিয়া বলেন, ‘জামায়াতের উদ্যোগে বৃহস্পতিবার বাহাদুরসাদী ইউনিয়নে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। ইফতারের আগ মুহূর্তে স্থানীয় বিএনপির কর্মী আপেল, নুর ইসলাম ও আকরামসহ ১০-১৫ জন এসে মাহফিলে বাধা দেয়। এরপর কথা কাটাকাটির একপর্যায়ে তারা ইফতারের খাবার ফেলে দেন। পরে ইফতার ও নামাজ শেষে বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে বিএনপি কর্মীরা হামলা চালায়। এতে আমাদের ১২ জন আহত হয়।’

উপজেলা জামাতের আমির মাহমুদুল হাসান অভিযোগ করে বলেন, ‘ইফতার করার সময় বিএনপির আপেল, নুর ইসলাম, সৌরভ ও নজরুলসহ ১০-১৫ জনের সংঘবদ্ধ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী হামলা করে। আমাদের কর্মী রাজু নিখোঁজ রয়েছে। তারা কোথাও ওকে আটকে রেখেছে। অবিলম্বে তাকে ফেরত দেওয়ার দাবি জানাই।’

ঘটনার ব্যাপারে বাহাদুরসাদী ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বলেন, ‘জামায়াতের নেতাকর্মীরা আমাদের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা চালিয়েছে। এতে আমাদের প্রায় ৭-৮ জন আহত হয়েছে।’

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বলেন, ‘রাত ৯টার দিকে জামায়াতের পাঁচ কর্মীকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের দুজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

কালীগঞ্জ থানার ওসি আলাউদ্দিন বলেন, মারামারির ঘটনায় জামায়াত নেতা সোহরাব হোসেন বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত