মাগুরার শিশুটির পরিবারকে পুনর্বাসন করবে সরকার

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৬:২৮ এএম

মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আট বছরের শিশুটির পরিবারকে আইনি সহায়তা এবং পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে সরকার। গতকাল শনিবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অন্যদিকে দেশ জুড়ে আলোড়ন তৈরি করা শিশু ধর্ষণ ও হত্যার এই ঘটনায় আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে প্রধান আসামি হিটু শেখ। গতকাল মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার এই জবানবন্দি নথিভুক্ত করা হয় বলে জানা গেছে।

এদিকে নারী-শিশু ধর্ষণসহ নারী নিপীড়ন, খুন ও সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে। গতকালও রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জায়গায় বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও মিছিল করেছেন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। এসব কর্মসূচি থেকে ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানানো হয়। তবে ধর্ষণ-নিপীড়নবিরোধী কর্মসূচিতে উত্তাল পরিস্থিতির মধ্যেও দেশের সাতটি জেলা থেকে নতুন করে নারী ও শিশু ধর্ষণ এবং ধর্ষণচেষ্টার আটটি অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া বরিশাল নগরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে পিটুনিতে মো. সুজন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে পরিবারের সদস্যদের দাবি, ধর্ষণচেষ্টার অভিযোগ মিথ্যা; এলাকায় মাদক কারবার নিয়ে তাকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়।

মাগুরার শিশুটির পরিবারকে পুনর্বাসনের বিষয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ষণ ও নির্যাতনে মারা যাওয়া আট বছরের শিশুর বিষয়ে সব ধরনের আইনি সহায়তা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেওয়া হবে। এছাড়া শিশুটির পরিবার ও তার বড় বোনের মানসিক স্বাস্থ্যসহ অন্যান্য পুনর্বাসন সহায়তা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

দায় স্বীকার করে জবানবন্দি প্রধান আসামি হিটু শেখের : মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় আদালতে দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে প্রধান আসামি হিটু শেখ। পুলিশের সদর জিআরও আব্দুল হামিদ জানান, মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) আইনুল ইসলাম প্রধান আসামি হিটু শেখকে আদালতে হাজির করেন। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায় তার খাস কামরায় হিটু শেখের জবানবন্দি লিপিবদ্ধ করেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত ৬ মার্চ ভোরে ধর্ষণের শিকার হয় তৃতীয় শ্রেণিতে পড়–য়া আট বছরের কন্যা শিশুটি। তাকে হত্যার চেষ্টাও করা হয়। শিশুটিকে প্রথমে ভর্তি করা হয় মাগুরা সদর হাপসাতালে। পরে মুমূর্ষু অবস্থায় নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় ৭ মার্চ রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ৮ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। চিকিৎসকরা বলেছিলেন, নির্যাতনের শিকার শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তার শরীরে নির্যাতনের ক্ষতচিহ্ন ছিল। গত বৃহস্পতিবার ঢাকা সিএমএইচে মারা যায় শিশুটি।

৭ জেলায় আট নারী-শিশু ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ : বগুড়ায় ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শারীরিক অবস্থার অবনতি হলে শিশু দুটি ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি পরিবারের সদস্যদের কাছে খুলে বলে। অন্যদিকে বিষয়টি এলাকায় জানাজানি হলে যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সেই নূর ইসলাম (৪০) এলাকা ছেড়ে পালিয়ে যায়। ধর্ষণের এ ঘটনাটি গত বুধবার জেলার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের একটি আশ্রয়ণ প্রকল্পে ঘটেছে বলে জানিয়েছে দুই শিশুর স্বজনরা। পরদিন বৃহস্পতিবার শিশু দুটি অসুস্থ হয়ে পড়ে।

নাটোরের বড়াইগ্রামে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নগর ইউনিয়নের মশিন্দা গ্রামে ধর্ষণের ওই ঘটনা ঘটে বলে জানিয়েছেন কিশোরীর স্বজনরা। গ্রেপ্তার দুই যুবক হলো মশিন্দা গ্রামের জামাল উদ্দিনের ছেলে কামরুল ইসলাম (৩৮) ও আব্দুর রশিদের ছেলে মনির হোসেন (৩২)।

ঢাকার সাভারের আশুলিয়ায় সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মুদি দোকানিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দুপুরে আশুলিয়া থানার এসআই সোহেল মিয়া এ তথ্য জানান। এর আগে শুক্রবার রাতে আশুলিয়ার কবিরপুর তেলিবাজার মাদ্রাসার পাশ থেকে হাবিবুর রহমান নামে ওই মুদি দোকানিকে গ্রেপ্তার করে পুলিশ।

বরগুনায় এক পথশিশুকে ধর্ষণচেষ্টার পর হাসপাতালে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে মোসলেম (৬৫) নামে এক বৃদ্ধর বিরুদ্ধে। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সাত দিন পর শিশুটিকে উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঘরে ঢুকে ধর্ষণে ব্যর্থ হয়ে এক যুবকের বিরুদ্ধে বিধবা নারীকে ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে। লিয়ন ফকির (২২) নামে ওই যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। ছুরিকাহত নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার রাতে জেলার শ্রীনগর উপজেলার কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহের শৈলকুপায় মায়ের সহায়তায় ১২ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বিকেলে শিশুটির বাবা শৈলকুপা থানায় লিখিত অভিযোগ করেন।

নীলফামারী জেলা সদরের পলাশবাড়ি পাটোয়ারী পাড়া গ্রামে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছর বয়সী আবু বক্কর নামে এক বৃদ্ধকে আটক করে গত শুক্রবার রাতে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গতকাল দুপুরে ওই বৃদ্ধকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা মামলার একমাত্র আসামি মো. ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বরিশালে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে পিটুনিতে যুবক নিহত : বরিশাল নগরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে পিটুনিতে মো. সুজন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় নগরের ধান গবেষণা রোডে এলাকার কিছু লোক তাকে আটক করে পিটুনি দেয়। পরে রাত আটটার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তবে পরিবারের সদস্যদের দাবি, ধর্ষণচেষ্টার অভিযোগ মিথ্যা; এলাকায় মাদক কারবার নিয়ে সুজনকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিহত সুজন নগরীর ধান গবেষণা রোড এলাকার জিয়া নগরের একটি ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন। তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ করে প্রতিবেশী চার বছর বয়সী শিশুর বাবা গতকাল বরিশাল কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেন। এতে উল্লেখ করা হয়, গত শুক্রবার বেলা দেড়টার দিকে তার শিশুকন্যাকে একটি কাজে সুজনের বাড়িতে পাঠানো হয়। সুজন তখন একা বাড়িতে ছিলেন। শিশুটি ঘরের ভেতরে ঢুকতেই তাকে ধর্ষণের চেষ্টা করে সুজন। এ সময় শিশুটি চিৎকার করে ওউঠলে পালিয়ে যায় সুজন।

শিশুটির বাবার এই অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত করতে গতকাল ওই এলাকায় যায়। তখন পুলিশের হাতে তুলে দিতে স্থানীয় কিছু লোক সুজনকে আটক করে। তিনি তাদের পিটুনিতে গুরুতর আহত হন। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

তবে পরিবারের সদস্যদের দাবি, মাদক কারবার নিয়ে পরিকল্পিতভাবে সুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাকে দিয়ে এলাকার একটি মাদক কারবারি চক্র মাদক বিক্রি করাত। সুজনও মাদকাসক্ত ছিলেন। মাসখানেক আগে স্বজনরা সুজনকে মাদক বিক্রি ও সেবন না করতে চাপ দেয়। ঘর থেকে বের হওয়াও বন্ধ করে দেয় পরিবার। এমন পরিস্থিতিতে ওই চক্রের সদস্যরা সুজনকে তাদের সঙ্গে মাদক কারবারের কাজে অংশ নিতে চাপ দিতে থাকে। কিন্তু না যাওয়ায় ক্ষিপ্ত হয়ে ওই চক্রটি।

নিহত সুজনের মা আহাজারি করতে করতে সাংবাদিকদের বলেন, ‘আমার পোলারে শত্রুরা চাপে ফালাইয়া দেড় লাখ টাকা দেনা বানাইছে। হেয়াও আমি শোধ করছি। আমার পোলারে বিভিন্ন রকম লোভ দেখাইয়া গাঁজাও বিক্রি করাইছে। গাঁজা বেচতে না যাওয়ায় আমার পোলারে মারছে। গাছের লগে বাইনদা মারছে, কোপাইছে। আমার পোলারে যারা মারছে, হেগো বিচার চাই।’

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান গতকাল রাতে বলেন, ‘শিশুটির বাবার করা অভিযোগটি মামলা হিসেবে গ্রহণের প্রক্রিয়া চলছে। অন্যদিকে গণপিটুনিতে নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ধর্ষণ-নিপীড়নবিরোধী প্রতিবাদী কর্মসূচি অব্যাহত : হত্যা, ধর্ষণ, নিপীড়নের সব ঘটনার বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে গতকাল বিকেলে বগুড়া শহরে শোক মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বগুড়া জেলা শাখা।

নারীর বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন করেছে গণসংহতি আন্দোলন। গতকাল সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

ধর্ষণ-নারী নিপীড়নের প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় লাঠি মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বেলা ১১টায় ‘ছাত্র-জনতার’ ব্যানারে প্রেস ক্লাব চত্বর থেকে মিছিল বের করা হয়।

প্রতিবেদনটিতে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট জেলা-উপজেলার প্রতিনিধিরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত