৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কাঠমিস্ত্রী গ্রেপ্তার

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১২:৪৬ পিএম

মুন্সিগঞ্জের গজারিয়ায় ৬ বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. ইয়াছিন মিয়া (৪৫) নামের এক কাঠমিস্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়। 

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযুক্ত ইয়াছিন মিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের নয়াকান্দি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় শিশুটি বাড়ির পাশের দোকান থেকে কেক কিনে ফেরার পথে ইয়াছিনের লক্ষ্য হয়। শিশুটির পিছু নেওয়ার পর পথিমধ্যে তাকে জড়িয়ে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা করেন তিনি। শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে ইয়াছিন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি ওঠে। এলাকাবাসী ইয়াছিনের বাড়িতে হামলা চালাতে পারে এমন আশঙ্কায় পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।

ওসি মো. আনোয়ার আলম আজাদ জানান, অভিযুক্ত ইয়াছিনকে রাত সাড়ে ১১টার দিকে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে জেল হাজতে পাঠানো হবে।

এদিকে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে রাগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে এলাকাবাসী। পুলিশের দ্রুত পদক্ষেপে অভিযুক্ত গ্রেপ্তার হলেও শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত