গোলাপী বল সংকট ও সূচি জটিলতায় শঙ্কায় বিসিএল 

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৫:১৬ পিএম

বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক চারদিনের টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এবার নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশেষ করে গোলাপী বলের সংকট ও সময়সূচির জটিলতা বিসিবির জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।  মূলত গ্রীষ্মের তীব্র গরমের কথা মাথায় রেখেমে মাসে গোলাপী বল ব্যবহার করে বিসিএল আয়োজনের পরিকল্পনা করেছিল বিসিবি।

কিন্তু স্বল্প সময়ে প্রয়োজনীয় গোলাপী বল সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। বিসিবির এক কর্মকর্তা ডেইলি সানকে জানিয়েছেন, ‘এতো কম সময়ে গোলাপী বল আনা সম্ভব নয়। ব্যক্তিগতভাবে আনার কিছু সম্ভাবনা আছে, তবে ব্যাংকের অনুমোদন পেতে সময় লাগবে।’ 

শুধু বল সংকটই নয়, নতুন সূচির কারণে বিসিএল আয়োজনেও জটিলতা তৈরি হয়েছে। এর আগে বিসিএল সাধারণত ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতো। কিন্তু এবারই প্রথম এপ্রিল-মে সময়ে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিসিবি এ বছর ডিসেম্বরের সময় বরাদ্দ করেছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) নতুন টি-টোয়েন্টি সংস্করণের জন্য। ফলে বিসিএলের সূচি পিছিয়ে নেওয়া হয় গ্রীষ্মের সূচিতে। 

কিন্তু নতুন সূচি সাংঘর্ষিক হয়েছে অন্যান্য আন্তর্জাতিক ও ঘরোয়া প্রতিযোগিতার সঙ্গে। একদিকে, বিসিবির হাই-পারফরম্যান্স দল দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের বিপক্ষে সিরিজ খেলবে, অন্যদিকে বাংলাদেশ ‘এ’ দল নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ব্যস্ত থাকবে। জাতীয় দলের দ্বিপাক্ষিক সিরিজও চলবে সারা বছর জুড়ে। ফলে দেশের শীর্ষস্থানীয় অনেক ক্রিকেটারের বিসিএলে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। 

এ অবস্থায় বিসিবির টুর্নামেন্ট কমিটি বিকল্প সমাধানের চেষ্টা করছে। বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা নির্বাচকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করব।’ 

তবে এতসব জটিলতার মধ্যেও গোলাপী বল ব্যবহারের পরিকল্পনা থেকে সরে আসেনি বিসিবি। গ্রীষ্মের তীব্র গরমে খেলার পরিবেশ আরও সহজ করতে গোলাপী বলের ব্যবহার নিয়ে ভাবছে বিসিবি। বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘আমরা এটি বিবেচনা করছি। মে মাসে প্রচণ্ড গরম থাকে, তাই এবার কিছু ভিন্ন করার চিন্তা করছি। গোলাপী বল ব্যবহারের পরিকল্পনা আছে, তবে সেক্ষেত্রে টেস্ট ভেন্যুগুলোতে খেলতে হবে, যেখানে ফ্লাডলাইটের ব্যবস্থা থাকবে।’ 

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেএটাই হবে দ্বিতীয়বারের মতো গোলাপী বলের ব্যবহার। এর আগে ২০১৩ সালে বিসিএল ফাইনালে সেন্ট্রাল জোন ও নর্থ জোনের ম্যাচে প্রথমবারের মতো গোলাপী বল ব্যবহার করা হয়েছিল। বিসিবির লক্ষ্য, গোলাপী বলের ব্যবহারের মাধ্যমে ঘরোয়া ক্রিকেটে আরও বেশি দিন-রাতের ম্যাচ আয়োজনের সম্ভাবনা পর্যালোচনা করা। বিশ্ব ক্রিকেটের আধুনিক ধারার সঙ্গে তাল মিলিয়ে দেশের লাল বলের ক্রিকেটকে এগিয়ে নিতেই বিসিবির এই পরিকল্পনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত