দুই উপদেষ্টার পদত্যাগ চায় গণ অধিকার পরিষদ

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৫:৩৯ এএম

অন্তর্র্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। তাদের দাবি দুই উপদেষ্টা অন্তর্র্বর্তী সরকারে থাকলে নির্বাচন নিরপেক্ষ হবে না। আগামী ১৫ দিনের মধ্যে  এ দুজন ছাত্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। গতকাল মঙ্গলবার  রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি  দাবি জানানো হয়।

দলটির সহ-সভাপতি ফারুক হাসান বলেন, ‘বর্তমান সরকারের নিরপেক্ষতা বজায় রাখতে ছাত্র প্রতিনিধি দাবি করা অন্তর্র্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে থাকা দুই ছাত্রনেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। তারা যদি পদত্যাগ না করেন তাহলে অন্যান্য সব রাজনৈতিক দল ও বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবে গণ অধিকার পরিষদ।’

ফারুক হাসান বলেন, ‘এ সরকার জনগণের সরকার। কিন্তু জনগণের আকাক্সক্ষা বাস্তবায়ন না করে একটি রাজনৈতিক দলকে  পেছন থেকে পৃষ্ঠপোষকতা দিয়ে সবল করছে। আমাদের সংশয় ও সন্দেহের উদ্রেক হয়েছে। এই সরকার জনগণের আকাক্সক্ষা বাস্তবায়ন না করলে, জনগণ তাদের বিরুদ্ধেও দাঁড়াবে।’ উপদেষ্টা মাহফুজ আলমের সমালোচনা করে দলটির সাধারণ সম্পাক রাশেদ খান বলেন, তিনি কখনো জামায়াতে ইসলামীর বিরুদ্ধে, কখনো বিএনপির বিরুদ্ধে, কখনো গণ অধিকার পরিষদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। তার দায়িত্ব কি অনৈক্য সৃষ্টি করা? তিনি  যদি এত তাত্ত্বিক জ্ঞান ছড়াতে চান, তাহলে পদত্যাগ করে কেন জ্ঞানের ভাণ্ডার খুলে বসছেন না কেন? এ রকম অনৈক্য সৃষ্টিকারী কী করে সরকারের উপদেষ্টা হিসেবে বহাল থাকে?

রাশেদ খান বলেন,  এ দুই উপদেষ্টা সরকারে থাকলে নির্বাচন নিরপেক্ষ হবে না। কারণ উপদেষ্টারা তাদের আশীর্বাদ করেছেন। অন্য উপদেষ্টারা এ ছাত্রদের অনুগত। প্রধান উপদেষ্টা নিজে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। আগামী ১৫ দিনের মধ্যে এ দুজন ছাত্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

 সে সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত