খুলনা নিউজপ্রিন্ট মিলের ২০০ কোটির সম্পদ লোপাট!

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৫:৫৬ এএম

খুলনা নিউজপ্রিন্ট মিলের বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ যন্ত্রাংশ অবৈধ নিলামের মাধ্যমে বিক্রি করে ২০০ কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও লোপাটের অভিযোগ উঠেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত সোমবার মিলটি পরিদর্শন ও তদন্ত করেছে শিল্পমন্ত্রনালয়ের একটি দল।

মিলের প্রাক্তন কর্মকর্তা-কর্মচারীদের সূত্র জানায়, মিলটির বিভিন্ন যন্ত্রপাতি বিক্রির জন্য টেন্ডার আহ্বান করে মিল কর্তৃপক্ষ। তবে টেন্ডার প্রক্রিয়ায় বিক্রিতে বিপুল অংকের টাকা ভাগ-বাটোয়ারা করা হয়।

অভিযোগ ওঠে সাবেক শিল্পমন্ত্রী, শিল্প মন্ত্রণালয়ের সচিব ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাত ভাইয়েরা সিন্ডিকেটের মাধ্যমে অন্তত ২০০ কোটি টাকা লোপাট করে। বিষয়টি জানতে পেরে সমাজকর্মী তরিকুল ইসলাম রিফাত নামে এক ব্যক্তি মন্ত্রণালয়ে তদন্তের জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই টিম গত সোমবার মিলটি পরিদর্শনে আসেন।

তদন্ত কমিটির সসদস্যরা হলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শহিদুল হক, বিসিআইসির পরিচালক ও শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মনিরুজ্জামান ও সিনিয়র সচিব মাফফারা তাসনীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত