নেত্রকোনায় গৃহবধূকে গলা কেটে হত্যা

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৭:০৬ পিএম

নেত্রকোনার আটপাড়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নূরজাহান বেগম (৪৮) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার অভয়পাশা ইউনিয়নের গণিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নূরজাহান গণিপুর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গণিপুর গ্রামের লাল মিয়া (৬৬) ও তার স্ত্রী মঞ্জুরা বেগম (৫৮) কে আটক করেছে পুলিশ।

জানা গেছে, বাবুল মিয়ার সঙ্গে তার মামা লাল মিয়া ও তার সন্তানদের জমি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তারা পাশাপাশি বাড়িতে বসবাস করেন। ১৯ মার্চ রাতে লাল মিয়ার দুই ছেলে মাসুদ মিয়া (৪০) ও এরশাদ মিয়া (৩৮) বাবুল মিয়ার ঘরে ঢুকে হামলা করেন। তখন তারা সেহেরি খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হামলাকারী ব্যক্তিরা দেশি অস্ত্র দিয়ে বাবুল মিয়াকে আঘাত করতে গেলে তার স্ত্রী নূরজাহান বাধা দেন। এ সময় নূরজাহানকে গলা কেটে হত্যা করা হয়। পরে স্থানীয়রা লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নূরজাহানকে মৃত ঘোষণা করেন। 

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাহেব আলী পাঠান সাংবাদিকদের বলেন, ‘ঘটনায় জড়িত থাকার অভিযোগে লাল মিয়া ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।  অন্যদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত