আমীর খসরু

নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বন্ধ করতে চাচ্ছে একটি শক্তি

আপডেট : ২২ মার্চ ২০২৫, ১১:২৪ পিএম

শেখ হাসিনার মতো আরেকটি শক্তি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। দেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বন্ধ করতে চাচ্ছে।

শনিবার (২২ মার্চ) নগরীর লেডিস ক্লাবে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা প্রতিটি দিন অতিবাহিত করছি একটি অনির্বাচিত সরকারের অধীনে। তাই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনী প্রক্রিয়া শুরু করতে হবে। নির্বাচনের দিনক্ষণ পরিষ্কারভাবে মানুষের সামনে আসতে হবে।

তিনি অভিযোগ করেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি— সেই গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবার ব্যাপারে জনগণের যে আকাঙ্ক্ষা শেখ হাসিনা যেভাবে বাধাগ্রস্ত করেছে, এখন আবার আরেকটি শক্তি অন্যভাবে সেটা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। দেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বন্ধ করতে চাচ্ছে। 

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত বিএনপির প্রায় দুই হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল এ ধরনের উদাহরণ সৃষ্টি করতে পারেনি।

তিনি বলেন, যখনই কোনো বিএনপির কারও বিরুদ্ধে অভিযোগ এসেছে সঙ্গে সঙ্গে বিবেচনা ছাড়াই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আমীর খসরু বলেন, বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে ফেরানোর চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ ভিত্তিহীন। বিএনপির জনপ্রিয়তাকে খর্ব করার জন্য একটি পক্ষ থেকে এ অপপ্রচার চালানো হচ্ছে। এসব কথা যারা প্রচার করছে তাদের কোনো আদর্শ নেই। তারা নতুন নতুন বয়ান বাজারে ছড়াচ্ছে। 

তিনি বলেন, বিএনপি আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের দ্বারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত দল। বেগম খালেদা জিয়াসহ দলের প্রত্যেক স্তরের নেতাকর্মী আওয়ামী লীগ দ্বারা জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছে। যারা এসব অপপ্রচার চালাচ্ছে তারা কেউ তো আওয়ামী লীগের নির্যাতন ভোগ করেনি।

বিএনপির এ নেতা বলেন, বিএনপি কোনো প্রতিহিংসা কিংবা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা চাই শেখ হাসিনাসহ যারা অপরাধে জড়িত তাদের বিচার হোক। অন্তর্বর্তী সরকারকে অতি দ্রুত দৃশ্যমান বিচার প্রক্রিয়া শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি। 

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজিমুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত