দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সম্মত ইসলামাবাদ-কাবুল

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১১:০৫ পিএম

জঙ্গিবাদসহ নানা বিষয়ে টানাপড়েনের কারণে দীর্ঘদিন ধরেই আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে শীতল সম্পর্ক বিদ্যমান। তবে সে বৈরিতার অবসান ঘটিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সম্মত হয়েছে ইসলামাবাদ-কাবুল। বাণিজ্য, নিরাপত্তা ও আফগান শরণার্থীদের নিয়ে চলমান দ্বিপক্ষীয় চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের কূটনৈতিক সম্পৃক্ততা জোরালো করার বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ। শনিবার কাবুলে পাকিস্তানের আফগানিস্তানবিষয়ক বিশেষ দূত মুহাম্মদ সাদিক ও আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মৌলবি আমির খান মুত্তাকির মধ্যে এক বৈঠকে দুই দেশের মধ্যে এ সমঝোতা হয়। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, নিরাপত্তা উদ্বেগে দুই দেশের মধ্যে সম্পর্ক নাজুক হয়ে ওঠার পর কূটনৈতিক সম্পর্ক উজ্জীবিত করতে পাকিস্তানি দূত সাদিক তিন দিনের সফরে প্রতিবেশী দেশটি অবস্থান করছেন। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অনিষ্পন্ন বিষয়গুলোর সমাধান করতে উভয়পক্ষ যৌথ বৈঠক করা ও প্রতিনিধি বিনিময়ের বিষয়টিতে জোর দিয়েছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে নিরাপত্তা উদ্বেগ প্রাথমিক সমস্যা হলেও আলোচনায় প্রাথমিকভাবে বাণিজ্য ও ট্রানজিটে গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠকে তাৎক্ষণিক কোনো সমাধান ছাড়াই বিতর্কিত বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা, ট্রানজিট এবং আফগানিস্তান ও পাকিস্তানের জনগণের মধ্যে আদান-প্রদানের বিষয়ে আলোচনা হয়েছে। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যবর্তী তোরখাম সীমান্ত বন্দর টানা ২৭ দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। এর মধ্য দিয়ে দুই দেশের বাণিজ্য ফের চাঙ্গা হয়েছে। নির্মাণকাজ নিয়ে বিরোধে ২১ ফেব্রুয়ারি এ বন্দরটি বন্ধ হয়ে গিয়েছিল। পাকিস্তানের বিশেষ দূত আফগানিস্তানের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব উল্লেখ করে বলেন, এটি পাকিস্তান ও গোটা অঞ্চলের স্বার্থের সঙ্গে জড়িত। তিনি আফগান নাগরিকদের জন্য ভিসা প্রদান প্রক্রিয়া সহজ করার প্রতিশ্রুতি দেন বলে আফগান গণমাধ্যম জানিয়েছে। এ ছাড়া রাষ্ট্রদূত মোহাম্মদ সাদিক আফগানিস্তানের ভারপ্রাপ্ত শিল্প ও বাণিজ্যমন্ত্রী নূরউদ্দিন আজিজির সঙ্গেও বৈঠক করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত