সেবা দেয়ার ক্ষেত্রে কর্মচারীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১১:৪৮ এএম

নাগরিক সেবা দেওয়ার ক্ষেত্রে কর্মচারীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া। তিনি রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় নগর ভবনে ডিএসসিসি 'ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের (রেজিঃ নং ঢ -৫২০০) ইফতার মাহফিলে এ আহ্বান জানান। 

মো. শাহজাহান মিয়া বলেন, মাহে রমজান আমাদেরকে সংযমের শিক্ষা দেয়। আমাদেরকে ইসলামের পথে চলতে অনুপ্রাণিত করে। রজমানের এই শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের সবাইকে মানুষের সেবায় আরও বেশি মনোযোগী হতে হবে। নাগরিকদের উত্তম সেবা দেওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সংগঠনের সভাপতি  আবু জাফর মো. ইলিয়াসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান প্রিন্সের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাবেক ডেপুটি মেয়র এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব কাজী আবুল বাশার, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান, সচিব মো. বশিরুল হক ভূঁইয়া, ৭৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফরিদউদ্দিন আহমেদ, ৩১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম রাসেল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফা সুলতানা রুমা প্রমুখ। 

আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা এবং মরহুম আরাফাত রহমান কোকো, সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত