বদিউল আলম মজুমদার

ভোটাধিকার নিশ্চিত করার স্বার্থে সংস্কার দরকার

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৫:৪২ এএম

দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার স্বার্থেই পরিবর্তন ও সংস্কার দরকার বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, সংস্কার বা পরিবর্তন করা মানেই নতুন করে সাজানো, গোছানো। দেশের মালিকানা দেশের জনগণ অর্থাৎ আপনাদের কাছে ফেরত দিতেই সংস্কার করতে হবে।

গতকাল সোমবার আমার বাংলাদেশ (এবি) পার্টির উদ্যোগে আয়োজিত চলমান গণইফতারের ২৩তম দিনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

বদিউল আলম মজুমদার বলেন, স্বাধীনতার পর বাংলাদেশকে রাষ্ট্র আকারে আমরা গড়ে তুলতে পারিনি। যার ফলে এ রাষ্ট্র নাগরিকের কোনো অধিকার দেওয়ার পরিবর্তে অধিকার হরণে ব্যস্ত ছিল। ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়। তাই আমরা ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করছি। আমরা এমন সংস্কার করতে চাই যাতে কেউ ক্ষমতায় এসেই তার খেয়াল খুশিমতো আপনাদের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। তিনি বলেন, আমরা দেশটাকে আর ভোটারবিহীন সংস্কৃতিতে রাখতে চাই না। সংস্কারের যে সুপারিশগুলো করা হয়েছে সেগুলো বাস্তবায়ন হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ড. শহীদুল আলম বলেন, দাবিদাওয়া আদায়ের জন্য সাধারণ মানুষের ক্ষতি বা জনদুর্ভোগ তৈরি করা যাবে না। তিনি জনগণের সমঅধিকার নিশ্চিত করার কথা উল্লেখ করে বলেন, এজন্যই আমরা দীর্ঘ সময় ধরে সংগ্রাম করে যাচ্ছি। সমতার কারণেই আমি গাড়ি না ব্যবহার করে সাইকেল ব্যবহার করি। ইসরায়েলি গণহত্যা কোনোভাবেই কাম্য নয় উল্লেখ করে বলেন, সভ্যবিশে^ এমন বর্বরতা চলতে পারে না।

সভাপতির বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, সবার আগে গণহত্যার বিচার করতে হবে, চুরির টাকা ফেরত নিয়ে আসতে হবে, আমাদের সন্তান হত্যার বিচার করতে হবে। বিচার নস্যাৎ করতে একটি চক্র কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত