হাসপাতালে হামলায় গাজার নতুন প্রধানমন্ত্রী নিহত

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৫:৪২ এএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম দখলদার ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। তিনি এক সপ্তাহেরও কম সময় আগে উপত্যকাটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। গত ১৮ মার্চ সাবেক প্রধানমন্ত্রী ইশাম দা-লিসকে হত্যা করে দখলদাররা। এরপর ইসমাইল বারহুম তার স্থলাভিষিক্ত হয়েছিলেন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইসমাইল বারহুমের নিহত হওয়ার তথ্য জানান।

রবিবার রাতে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলাতেই ইসমাইল বারহুম ও তার সহকারী নিহত হন। ইসমাইল বারহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। তারা জানিয়েছে, ইসমাইল নাসের হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানেই তাকে হত্যা করা হয়েছে। ইসমাইল বারহুম হামাসেরও অর্থ-বিষয়ক প্রধান ছিলেন।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, বিস্তৃত গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তথ্য সংগ্রহের পর তারা হাসপাতালের ভেতরে অবস্থানরত এক শীর্ষ হামাস সদস্যকে লক্ষ্য করে হামলা চালায়। তারা আরও জানায়, নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয়েছে যাতে ক্ষতি সীমিত রাখা যায়। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, দক্ষিণ গাজার খান ইউনিসে প্রতিরক্ষা বাহিনী সফলভাবে জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা ইসমাইল বারহুমকে নাসের হাসপাতালে হত্যা করেছে।

ইসমাইল বারহুমকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলাটি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং বিবিসি অ্যারাবিকে ধরা পড়েছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, আল জাজিরার সাংবাদিক নাসের হাসপাতালের সামনে থেকে লাইভ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ঠিক তখন হঠাৎ করে মিসাইল সদৃশ্য কিছু একটি এসে হাসপাতালটিতে আঘাত হানে। এরপরই সেখানে আগুন লেগে যায়। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। তবে হাসপাতালটি হামলায় নতুন করে আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, সোমবার গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ৬১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে মোহাম্মেদ মানসুর নামে এক সাংবাদিক রয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সাংবাদিক মানসুর প্যালেস্টাইন টিভিতে কর্মরত ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত