ফিল সিমন্সই ২০২৭ পর্যন্ত শান্তদের কোচ

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১১:০৯ পিএম

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে ফিল সিমন্সের সঙ্গে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো এই কোচ গত অক্টোবরে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পাওয়ার পর এবার দীর্ঘমেয়াদে দায়িত্ব পেলেন। বিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাতে এ তথ্য জানানো হয়।  

চুক্তি নবায়নের পর উচ্ছ্বাস প্রকাশ করে সিমন্স বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে দীর্ঘমেয়াদে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। দলে অসাধারণ প্রতিভা রয়েছে, যারা একসঙ্গে দারুণ কিছু অর্জন করতে পারে। আমি সামনের চ্যালেঞ্জগুলো নিতে মুখিয়ে আছি।’

সিমন্স আরও বলেন, ‘ইতোমধ্যে কিছু অসাধারণ খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছি এবং তাদের মধ্যে অপরিসীম প্রতিশ্রুতি দেখতে পেয়েছি। তাদের দক্ষতা ও খেলার প্রতি আবেগ আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। একসঙ্গে আমরা বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিতে পারি।’

গত অক্টোবরে চন্ডিকা হাথুরুসিংহের অধ্যায় শেষ হওয়ার পর সিমন্সকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। তার অধীনে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারে ২-০ ব্যবধানে। এরপর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজও হারতে হয়। ক্যারিবীয়দের মাটিতে বাংলাদেশ টেস্ট সিরিজ ড্র করে, ওয়ানডেতে হারলেও টি-টোয়েন্টি সিরিজ জেতে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পরও বিসিবি আস্থা রাখল ক্যারিবীয় এই কোচের ওপর। 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৬টি টেস্ট ও ১৪৩ ওয়ানডে খেলা ফিল সিমন্স প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজারের বেশি রান করেছেন। তবে তার কোচিং ক্যারিয়ারই তাকে বিশ্ব ক্রিকেটে পরিচিত করেছে। ২০০৪ সালে জিম্বাবুয়ের কোচ হিসেবে যাত্রা শুরু করার পর আয়ারল্যান্ড, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মতো জাতীয় দল এবং পিএসএল, এমএলসির মতো ফ্র্যাঞ্চাইজি লিগেও কাজ করেছেন।  

২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এবার বাংলাদেশ দলের দায়িত্বে দীর্ঘমেয়াদে দেখা যাবে অভিজ্ঞ এই ক্যারিবীয় কোচকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত