কর্মশালায় দিলারা চৌধুরী

তুলসী গ্যাবার্ডের বক্তব্য আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৬:৩০ এএম

বাংলাদেশ প্রসঙ্গে মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডের বক্তব্য আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী। তিনি বলেছেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। কিন্তু কোথায় নির্যাতিত হচ্ছে, কে নির্যাতিত হচ্ছে তিনি তা বলেননি। তাকে সেটি স্পষ্ট করতে হবে।’ গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে গণশক্তি সভা আয়োজিত ‘ষড়যন্ত্র তত্ত্ব ও তুলসী গ্যাবার্ড’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এই রাষ্ট্রবিজ্ঞানী।

ড. দিলারা চৌধুরী বলেন, ‘বাংলাদেশ আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্রের শিকার। বাংলাদেশের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। এজন্য বাংলাদেশকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে।’

তিনি বলেন, ‘ভারত মনে করে চীনকে কবজা করতে হলে আগে বাংলাদেশকে কবজা করতে হবে।’

সেমিনারে সভাপতিত্ব করেন গণশক্তি সভার সভাপতি সাংবাদিক সাদেক রহমান। অধ্যাপক ড. দেওয়ান সাজ্জাদের সঞ্চালনায় এতে প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক ও কলামিস্ট হাবিবুর রহমান পলাশ।

হাবিবুর রহমান পলাশ তার প্রবন্ধে বলেন, তুলসী গ্যাবার্ডের এ বক্তব্য অনেকটা প্রিয়া সাহার কথার পুনরাবৃত্তি। যিনি যুক্তরাষ্ট্র সফরে ২০১৯ সালে ট্রাম্পের হাত ধরে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে অপপ্রচার করেন এবং ট্রাম্পকে সহায়তা করার অনুরোধ জানান। প্রিয়া সাহা আর তুলসী গ্যাবার্ডের বক্তব্যে যে যুগসূত্র আছে তা বলাবাহুল্য। তুলসী গ্যাবার্ডের মন্তব্য নির্দিষ্ট কোনো প্রমাণ বা অভিযোগের ভিত্তিতে করা হয়নি। এটি একটি গোটা দেশকে অন্যায়ভাবে, ভুলভাবে উপস্থাপন করে।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আইনজীবী ড. হেলাল উদ্দিন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইনজীবী শাহ মোহাম্মদ মাহফুজুল হক, ড. মো. হুমায়ুন কবির, কলামিস্ট ক্যাপ্টেন (অব.) জাহাঙ্গীর আলম, জাতীয় নাগরিক পরিষদের চেয়ারম্যান আব্দুল আহাদ নূর, গণ মুক্তিজোটের কো-চেয়ারম্যান আক্তার হোসেন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত