ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে তিনটি পোশাক কারখানাকে ১২ কোটি ২৩ লাখ ৩৫ হাজার ৫৩৪ টাকা দিয়েছে সরকার। অন্যদিকে টিএনজেডের এক কারখানা গাড়ি বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধ করেছে।
গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এ কথা জানান। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শ্রমিকদের বেতন, বোনাসসহ যাবতীয় পাওনা পরিশোধে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এ সংবাদ সম্মেলন করা হয়।
উপদেষ্টা বলেন, ‘রোয়ার ফ্যাশন নামের প্রতিষ্ঠানকে তাদের শ্রমিকদের পাওনাদি পরিশোধের জন্য এরই মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিলের আপদকালীন হিসাব থেকে ১ কোটি ২৩ লাখ ৩৫ হাজার ৫৩৪ টাকা দেওয়া হয়েছে। তবে এ উদ্যোগে অন্য কোনো প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা যাবে না।’
তিনি বলেন, ‘শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে শ্রম অসন্তোষ নিরসনে গত ২৫ মার্চের সভার সিদ্ধান্ত অনুযায়ী টিএনজেড গ্রুপের অ্যাপারেলস ইকো লিমিটেড গাড়ি বিক্রি করে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেছে। এমনটা এর আগে বাংলাদেশে হয়েছে কি না, আমার জানা নেই। প্রতিষ্ঠানটির মালিক অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন।’
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে মাহমুদ গ্রুপের দুটি প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য বাংলাদেশ ব্যাংক নগদ সহায়তা হিসেবে ১১ কোটি টাকা ছাড় করেছে বলেও জানিয়েছেন শ্রম উপদেষ্টা।
সাখাওয়াত হোসেন বলেন, ‘স্টাইলক্রাফট অ্যান্ড ইয়াংওয়ান বিডি লিমিটেড বেতন-ভাতা পরিশোধের জন্য মালিক ও শ্রমিকদের নিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আজ এক সভা করেছে। সভায় শ্রমিকদের পাওনাদি পরিশোধের বিষয়টির নিষ্পত্তি হয়েছে।’
পোশাক শ্রমিকদের উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, যার যা পাওনা পেয়ে যাবেন। কেউ না পেলে আজ অথবা কাল সকালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করব।’
‘এবারের ঈদ অন্যান্য বারের ঈদের চেয়ে অনেক ভালো। এবার অন্যান্য বছরের তুলনায় শ্রমিক অসন্তোষ কম। পোশাক খাতের অনেকেই ভালো করছে। এ শিল্পটা বসে যায়নি; পোশাকশিল্পে ১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে’ বলেন উপদেষ্টা।
