অক্টোবরের মধ্যে সংসদ নির্বাচন চায় ১২ দলীয় জোট

আপডেট : ২৮ মার্চ ২০২৫, ০২:১৬ এএম

সংস্কার প্রস্তাবনার ওপর জাতীয় ঐকমত্য কমিশনে মতামত জমা দিয়েছে একাধিক রাজনৈতিক দল। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১২২টিতে একমত, ২১টিতে আংশিক একমত আর ২৩টি প্রস্তাবে দ্বিমত জানিয়েছে। অন্যদিকে, ১২-দলীয় জোট ১১০টি প্রস্তাবের পক্ষে, ৪৮টি প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং আটটি প্রস্তাব নিয়ে আলোচনার সুযোগ রেখেছে। গতকাল বৃহস্পতিবার ঐকমত্য কমিশনের কাছে মতামত প্রদান শেষে দলগুলোর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

কমিশনে দেওয়া চিঠির বিষয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘স্প্রেডশিটে যেভাবে উত্তর চাওয়া হয়েছে, তা যথেষ্ট বিভ্রান্তি তৈরি করেছে। গুরুত্বপূর্ণ বিষয়াবলি সম্পর্কে যেভাবে মতামত দিতে বলা হয়েছে, তাতে অনেক ক্ষেত্রেই রাজনৈতিক দলগুলোর প্রকৃত অবস্থান ব্যক্ত করা দুরূহ।’ তিনি বলেন, ‘নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনে ভোটের অধিকার নিশ্চিত করাসহ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। অনেক দিন ধরেই পুরো নির্বাচনীব্যবস্থা টাকার খেলায় পর্যবসিত হয়েছে। ফলে জাতীয় সংসদও অনেকটা বিত্তবানদের ক্লাবে পরিণত হয়েছে। অথচ নির্বাচন-সংক্রান্ত সংস্কার প্রস্তাবে টাকার খেলা বন্ধে নির্দিষ্ট কোনো প্রস্তাব নেই।’

সাইফুল হক বলেন, ‘আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের ক্ষমতা ও এখতিয়ার কমানোর পক্ষে নই। স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন যাতে কার্যকর ভূমিকা পালন করতে পারে, তা নিশ্চিত করা দরকার।’ তিনি বলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাষ্ট্রের নাম ও সংবিধানের মূল নীতিমালা অক্ষুণœ রাখার পক্ষেই মতামত দিয়েছে। স্বাধীনতার ঘোষণায় উল্লিখিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারকেও যুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে। নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ, নির্বাচনে অংশ নেওয়ার বয়স ২৫ বছর রাখার পক্ষেই মত দেওয়া হয়েছে। এ ছাড়া সংসদের উচ্চতর কক্ষে ১৫০ আসন নির্ধারণ করে দলগুলোর সারা দেশে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে আসন নির্ধারণের পক্ষে মত দেওয়া হয়েছে।

অন্যদিকে জাতীয় ঐকমত্য কমিশন কর্তৃক প্রস্তাবকৃত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর প্রস্তাব পাঁচটি সংস্কার কমিশনে জমা দিয়েছে ১২-দলীয় জোট। জমা করা ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১২-দলীয় জোট ১১০টির সঙ্গে একমত, ৪৮টির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন এবং ৮টি প্রস্তাব নিয়ে আলোচনার অবকাশ রয়েছে বলে জোটের নেতারা মনে করেন।

১২-দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘শুধু নির্বাচনকেন্দ্রিক সংস্কার ছাড়া বাকি সংস্কার নির্বাচিত সংসদ দ্বারা বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে। রাষ্ট্রের নাম পরিবর্তন, গণভোট, গণপরিষদ স্থানীয় সরকার নির্বাচনের মতো বিষয়গুলোর সঙ্গে সম্পূর্ণ দ্বিমত পোষণ করা হয়েছে। বর্তমানে দেশে যে অস্থিরতা ও সংকট বিরাজ করছে, তা উত্তরণের একমাত্র উপায় অতিদ্রুত সংসদ নির্বাচন। ১২-দলীয় জোট আগামী অক্টোবর মাসের মধ্যে সংসদ নির্বাচন সম্পন্ন করার জন্য জোর দাবি জানাচ্ছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি মাওলানা মহিউদ্দিন একরাম, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ ও লেবার পার্টির মহাসচিব আমিনুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত