অবিলম্বে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা ও বোনাসের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় বগুড়া শহরের সাতমাথায় বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার উদ্যোগে মানববন্ধন পালন করা হয়েছে। শিক্ষক সমিতির জেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মুতী মামুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও বগুড়া জেলা শাখার সদস্য সচিব মিজানুর রহমান, শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের মহাসচিব মো. আজিজুল হক রাজা, কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি আমিনুর রহমান, বাকশিস নেতা অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম। শিক্ষক নেতাদের মধ্যে বক্তব্য দেন আব্দুল আলীম, বুলবুল হাসান, কর্মচারী ফেডারেশনের নেতা স্বপন, মুন্না, ওবায়দুর রহমান বেনু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের সাড়ে পাঁচ লাখ শিক্ষক-কর্মচারী তিন মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। তাদের ঈদ উদযাপন অনিশ্চিত হয়ে পড়েছে। তাই অবিলম্বে বিশেষ ব্যবস্থার মাধ্যমে বেতন প্রদানের জন্য জোর দাবি জানান তারা।
