নলকূপের পানিতে চেতনানাশক মিশিয়ে বাড়িতে চুরি

আপডেট : ২৮ মার্চ ২০২৫, ০২:৪০ এএম

টাঙ্গাইলের ভূঞাপুরে নলকূপের পানিতে চেতনানাশক মিশিয়ে এক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ওই বাড়ি থেকে সাড়ে ৪ লাখ টাকাসহ সাড়ে ১০ ভরি স্বর্ণ নিয়ে গেছে।

গত বুধবার রাতের কোনো এক সময়ে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী নৌকার মোড় এলাকার মো. লিয়াকত আলী নামে এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে।

লিয়াকত আলীর মেয়ে ভুক্তভোগী উম্মে হাবিবা বলেন, গত মঙ্গলবার রাতে সাহরি খেয়ে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে। বুধবার সকাল থেকেই মা, ভাই ও আমার ঘুম ঘুম ভাব হয়। ইফতারের পর রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়লে আর জাগতে পারিনি। পরে বুধবার সাহরির সময় ঘুম ভাঙলে দেখি ঘরের সবকিছু তছনছ অবস্থায় রয়েছে। ঘরে থাকা সাড়ে ৪ লাখ টাকা, সাড়ে ১০ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে গেছে চোরচক্র।

হাবিবা আরও বলেন, গত কয়েকদিন ধরে জাকাত দিচ্ছি ও বুধবার বাড়িতে ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, চোরচক্রের কেউ নলকূপের পানিতে নেশাদ্রব্য জাতীয় কিছু মিশিয়েছিল। সেই পানি খেয়ে আমি, মা ও ছোট ভাই অসুস্থ হয়ে পড়ি। বৃহস্পতিবার (গতকাল) সকালে ছোট ভাই নাইমুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিষয়টি পুলিশকে এখনো জানানো বা অভিযোগ করা হয়নি।

এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম বলেন, বিষয়টি জানলাম। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত