বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি: ধর্ম উপদেষ্টা

আপডেট : ২৮ মার্চ ২০২৫, ০৯:০৮ পিএম

বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি। এদেশকে কোরআনের আলোয় আলোকিত করতে হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ বিকেলে বনানীর শেরাটন হোটেলে পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, মাতৃভাষা আরবি না হওয়ার পরও আমাদের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরবি ভাষাভাষীদের পরাজিত করে প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় পুরস্কার অর্জন করছে। এদের এই অর্জনে গর্বে আমাদের বুক স্ফীত হয়ে ওঠে।

তিনি বলেন, ১৭ বছর ধরে পিএইচপি কোরআনের আলো এদেশের গ্রাম-গঞ্জে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কোরআনের পাখিদেরকে খুঁজে বের করে আনছে। এদেশের বিভিন্ন স্থানে প্রতিভা ছড়িয়ে আছে। পিএইচপি কোরআনের আলো সেসব প্রতিভাবানদের বাছাই করে আনছে। এসব প্রতিযোগীদের অনেকেই আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার অর্জন করছে। তিনি এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের জন্য পিএইচপি ফ্যামিলি, কোরআনের আলো ফাউন্ডেশন ও এনটিভিকে ধন্যবাদ জানান।

পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মো. মহসিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তৃতা করেন কোরআনের আলো ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুফতি মহিউদ্দিন ও তাসমিয়া কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিজেট ব্র্যান্ড ম্যানেজার হাম্মাদ আমিন।

এবারের আয়োজনে চ্যাম্পিয়ন হয়েছেন হবিগঞ্জের হাফেজ মহিব্বুল্লাহ মাসুম। এ প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছেন ঝিনাইদহের হাফেজ মুহাম্মদ হুসাইন আহমদ, তৃতীয় হয়েছেন নেত্রকোনার হাফেজ শোয়েবুর রহমান এবং চতুর্থ হয়েছেন কুমিল্লার হাফেজ আবদুল্লাহ আল সামিম।

কোরআনের আলো ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার টাইটেল স্পন্সর করেছে পিএইচপি ফ্যামিলি ও ইনফিনিটি মেগা মল। এ আয়োজনের কো-স্পন্সর ছিল আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড ও স্মার্ট একটিভ গোল্ড মেহেদি। পরে উপদেষ্টা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে প্রাইজমানি তুলে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত