জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা অন্তবর্তী সরকারের সময়েই বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান তৈরির কথা বলছি। আমরা মনে করি জুলাই গণঅভ্যুত্থানের বিচার ছাড়া নির্বাচন হলে পরবর্তীতে যে সরকার আসবে তারা যে সংস্কার প্রক্রিয়া চলমান রাখবে সে নিশ্চয়তা নেই। তাই আমরা চাই বিদ্যমান আইনের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে সংস্কার ও বিচার করতে হবে।
শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন বিজয়সৌধে জাতীয় নাগরিক পার্টির ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষে আয়োজিত সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টি তরুণদের উদ্যোগে গঠিত একটি রাজনৈতিক দল, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টিতে কাজ করছে। আমরা বলেছি রাষ্ট্রের সংস্কার হতে হবে, মৌলিক পরিবর্তন হতে হবে। কারণ পরিবর্তনের জন্যই এই গণঅভ্যুত্থান হয়েছে। যদি সংস্কার ও পরিবর্তন না হয়, তাহলে কেন এত মানুষ জীবন দিল? আমরা দেখছি অনেকে সংস্কারকে পাশ কাটিয়ে নির্বাচনের দিকে যেতে যাচ্ছে।
সভায় আরো বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, এস এম সাঈদ মোস্তাফিজ, উত্তরাঞ্চলীয় সংগঠক যুথী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জের আহ্বায়ক সজীব সরকার, মুখপাত্র টি এম মুশফিক সাদ, আহত ও শহীদ পরিবারের সদস্য নেহাল, ফজল হোসেন ও মহসিন রেজা প্রমুখ।
