জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের সঙ্গে পঞ্চগড়ের মতিয়ার রহমান নামে এক বিএনপি নেতার বাগ্বিতণ্ডা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে সারজিস আলমের বৈঠককে কেন্দ্র করে এই বাগ্বিতণ্ডা হয়। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার দুপুরে আটোয়ারী উপজেলা বিএনপি নেতা মতিয়ার রহমান কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমিরের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা বিনিময়ের কার্ড বিতরণের জন্য উপজেলা চত্বরে যান। এ সময় তিনি বিভিন্ন অফিসে কর্মকর্তাদের অনুপস্থিত দেখতে পান এবং খোঁজ নিয়ে জানতে পারেন, এনসিপি নেতা সারজিস আলম উপজেলা পরিষদ হলরুমে কর্মকর্তাদের নিয়ে বৈঠক করছেন। বৈঠক শেষ হলে তিনি রাজনৈতিক সংগঠনের নেতার সঙ্গে কর্মকর্তাদের বৈঠকের বিষয়ে কর্মকর্তাদের কাছে জানতে চান।
এ সময় এনসিপি নেতা সারজিস আলম তাকে বলেন, উত্তরাঞ্চলের মানুষ কোনো উন্নয়ন কর্মকাণ্ড করলে আমাদের পেছন থেকে টেনে ধরা হয়। একপর্যায়ে উভয়ের মধ্য তর্ক শুরু হয়। রাতে এই তর্কের ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।
