প্রসিকিউটর পদে সিলভিয়ার নিয়োগ বাতিল

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০১:৪০ এএম

মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে মামলা পরিচালনার জন্য গত বৃহস্পতিবার নিয়োগ পেয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী আফরোজ পারভীন সিলভিয়া। তবে, তার এ নিয়োগের পর ব্যাপক সমালোচনা শুরু হয়। আইনজীবীদের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামীপন্থি আইনজীবী সংগঠনে সিলভিয়ার সম্পৃক্ততার অভিযোগ তোলেন। এমন পরিস্থিতিতে প্রসিকিউটর পদে তার নিয়োগ বাতিলের ঘোষণা আসে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের (জিপি- পিপি শাখা) এক প্রজ্ঞাপনে। গতকাল শুক্রবার প্রকাশিত এ প্রজ্ঞাপনে বলা হয়, এ বিভাগের ২৭ মার্চে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর পদে আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগ সংক্রান্ত আদেশ বাতিল করা হলো।

এর আগে বৃহস্পতিবার আফরোজ পারভীন সিলভিয়াসহ চারজনকে প্রসিকিউটর (সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা) হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। অন্য তিনজন হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশীদ, আবদুস সাত্তার ও এস এম তাসমিরুল ইসলাম। প্রজ্ঞাপনে আইনজীবীদের নামের বিপরীতে পদবি (প্রসিকিউটর) ও পদমর্যাদা (সহকারী অ্যাটর্নি জেনারেল) উল্লেখ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত